পরিচয় (parichay)

একটি মেয়ে আছে জানি,

           পল্লীটি তার দখলে,

সবাই তারি পুজো জোগায়

           লক্ষ্মী বলে সকলে।

আমি কিন্তু বলি তোমায়

           কথায় যদি মন দেহ --

খুব যে উনি লক্ষ্মী মেয়ে

           আছে আমার সন্দেহ।

ভোরের বেলা আঁধার থাকে,

           ঘুম যে কোথা ছোটে ওর --

বিছানাতে হুলুস্থুলু

           কলরবের চোটে ওর।

খিল্‌খিলিয়ে হাসে শুধু

           পাড়াসুদ্ধ জাগিয়ে,

আড়ি করে পালাতে যায়

           মায়ের কোলে না গিয়ে।

হাত বাড়িয়ে মুখে সে চায়,

           আমি তখন নাচারই,

কাঁধের 'পরে তুলে তারে

           ক'রে বেড়াই পাচারি।

মনের মতো বাহন পেয়ে

           ভারি মনের খুশিতে

মারে আমায় মোটা মোটা

           নরম নরম ঘুষিতে।

আমি ব্যস্ত হয়ে বলি --

           "একটু রোসো রোসো মা।'

মুঠো করে ধরতে আসে

           আমার চোখের চশমা।

আমার সঙ্গে কলভাষায়

           করে কতই কলহ।

তুমুল কাণ্ড! তোমরা তারে

           শিষ্ট আচার বলহ?

তবু তো তার সঙ্গে আমার

           বিবাদ করা সাজে না।

সে নইলে যে তেমন ক'রে

           ঘরের বাঁশি বাজে না।

সে না হলে সকালবেলায়

           এত কুসুম ফুটবে কি।

সে না হলে সন্ধেবেলায়

           সন্ধেতারা উঠবে কি।

একটি দণ্ড ঘরে আমার

           না যদি রয় দুরন্ত

কোনোমতে হয় না তবে

           বুকের শূন্য পূরণ তো।

দুষ্টুমি তার দখিন-হাওয়া

           সুখের তুফান-জাগানে

দোলা দিয়ে যায় গো আমার

           হৃদয়ের ফুল-বাগানে।

নাম যদি তার জিজ্ঞেস কর

           সেই আছে এক ভাবনা,

কোন্‌ নামে যে দিই পরিচয়

           সে তো ভেবেই পাব না।

নামের খবর কে রাখে ওর,

           ডাকি ওরে যা-খুশি --

দুষ্টু বল, দস্যি বল,                

            পোড়ারমুখী, রাক্ষুসি।

বাপ-মায়ে যে নাম দিয়েছে

            বাপ-মায়েরই থাক্‌ সে নয়।

ছিষ্টি খুঁজে মিষ্টি নামটি

            তুলে রাখুন বাক্সে নয়।

একজনেতে নাম রাখবে

            কখন অন্নপ্রাশনে,

বিশ্বসুদ্ধ সে নাম নেবে --

            ভারি বিষম শাসন এ।

নিজের মনের মতো সবাই

            করুন কেন নামকরণ --

বাবা ডাকুন চন্দ্রকুমার,

            খুড়ো ডাকুন রামচরণ।

ঘরের মেয়ে তার কি সাজে

            সঙস্কৃত নামটা ওই।

এতে কারো দাম বাড়ে না

            অভিধানের দামটা বৈ।

আমি বাপু, ডেকেই বসি

            যেটাই মুখে আসুক-না --

যারে ডাকি সেই তা বোঝে,

            আর সকলে হাসুক-না--

একটি ছোটো মানুষ তাহার

            একশো রকম রঙ্গ তো।

এমন লোককে একটি নামেই

            ডাকা কি হয় সংগত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

6
Verses
IT IS NIGHT.
The travellers spread their mats on the ground under the banyan tree.
A gust of wind blows out the lamp
and the darkness deepens like a sleep into a swoon.
Someone from the crowd suddenly stands up
and pointing to the leader with merciless finger breaks out:
'False prophet, thou hast deceived us!'
Others take up the cry one by one,
women hiss their hatred and men growl.
At last one bolder than others suddenly deals him a blow.
They cannot see his face, but fall upon him in a fury of destruction and hit him till he lies prone upon the ground his life extinct.
The night is still, the sound of the distant waterfall comes muffled and a faint breath of jasmine floats in the air.
আরো দেখুন
৫৪
Verses
৫৪
বসন্ত, তুমি এসেছ হেথায়--
       বুঝি হল পথ ভুল।
এলে যদি তবে জীর্ণ শাখায়
       একটি ফুটাও ফুল॥  
আরো দেখুন
হারাধন
Verses
      বিধি যেদিন ক্ষান্ত দিলেন
           সৃষ্টি করার কাজে
      সকল তারা উঠল ফুটে
           নীল আকাশের  মাঝে।
      নবীন সৃষ্টি সামনে রেখে
           সুরসভার তলে
      ছায়াপথে দেবতা সবাই
           বসেন দলে দলে।
      গাহেন তাঁরা, 'কী আনন্দ!
           এ কী পূর্ণ ছবি!
      এ কী মন্ত্র, এ কী ছন্দ,
           গ্রহ চন্দ্র রবি!'
      হেনকালে সভায় কে গো
           হঠাৎ বলি উঠে,
      'জ্যোতির মালায় একটি তারা
           কোথায় গেছে টুটে!'
ছিঁড়ে গেল বীণার তন্ত্রী,
           থেমে গেল গান,
      হারা তারা কোথায় গেল
           পড়িল সন্ধান।
      সবাই বলে, 'সেই তারাতেই
           স্বর্গ হতে আলো--
      সেই তারাটাই সবার বড়ো,
           সবার চেয়ে ভালো।'
      সেদিন হতে জগৎ আছে
           সেই তারাটির খোঁজে--
      তৃপ্তি নাহি দিনে, রাত্রে
           চক্ষু নাহি বোজে।
      সবাই বলে, 'সকল চেয়ে
           তারেই পাওয়া চাই।'
      সবাই বলে, 'সে গিয়েছে
           ভুবন কানা তাই!'
      শুধু গভীর রাত্রিবেলায়
           স্তব্ধ তারার দলে--
      'মিথ্যা খোঁজা, সবাই আছে'
           নীরব হেসে বলে।
আরো দেখুন