হাসিরাশি (hasirashi)

নাম রেখেছি বাবলারানী,

            একরত্তি মেয়ে।

হাসিখুশি চাঁদের আলো

            মুখটি আছে ছেয়ে।

ফুট্‌ফুটে তার দাঁত কখানি,

            পুট্‌পুটে তার ঠোঁট।

মুখের মধ্যে কথাগুলি সব

            উলোটপালোট।

কচি কচি হাত দুখানি,

            কচি কচি মুঠি,

মুখ নেড়ে কেউ কথা ক'লে

            হেসেই কুটি-কুটি।

তাই তাই তাই তালি দিয়ে

            দুলে দুলে নড়ে,

চুলগুলি সব কালো কালো

            মুখে এসে পড়ে।

"চলি চলি পা পা'

            টলি টলি যায়,

গরবিনী হেসে হেসে

            আড়ে আড়ে চায়।

হাতটি তুলে চুড়ি দুগাছি

            দেখায় যাকে তাকে,

হাসির সঙ্গে নেচে নেচে

           নোলক দোলে নাকে।

রাঙা দুটি ঠোঁটের কাছে

           মুক্তো আছে ফ'লে,

মায়ের চুমোখানি-যেন

           মুক্তো হয়ে দোলে।

আকাশেতে চাঁদ দেখেছে,

           দু হাত তুলে চায়,

মায়ের কোলে দুলে দুলে

           ডাকে "আয় আয়'।

চাঁদের আঁখি জুড়িয়ে গেল

           তার মুখেতে চেয়ে,

চাঁদ ভাবে কোত্থেকে এল

           চাঁদের মতো মেয়ে।

কচি প্রাণের হাসিখানি

           চাঁদের পানে ছোটে,

চাঁদের মুখের হাসি আরো

           বেশি ফুঠে ওঠে।

এমন সাধের ডাক শুনে চাঁদ

           কেমন করে আছে --

তারাগুলি ফেলে বুঝি

           নেমে আসবে কাছে!

সুধামুখের হাসিখানি

           চুরি ক'রে নিয়ে

রাতারাতি পালিয়ে যাবে

           মেঘের আড়াল দিয়ে।

আমরা তারে রাখব ধরে

           রানীর পাশেতে।

হাসিরাশি বাঁধা রবে

           হাসিরাশিতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

109
Verses
লিখন দিয়ে স্মৃতিরে কি
            রাখবে চিরদিন?
লিখন রবে, স্মৃতি হবে
            কোন্‌ আঁধারে লীন।
পাখির সময় হলে সে কি
            মান্‌বে খাঁচার মানা--
রইবে না সে, রবে কেবল
            লোহার খাঁচাখানা।
আরো দেখুন
নলিনী
Verses
          লীলাময়ী নলিনী,
                             চপলিনী নলিনী,
শুধালে আদর করে
ভালো সে কি বাসে মোরে,
কচি দুটি হাত দিয়ে
ধরে গলা জড়াইয়ে,
হেসে হেসে একেবারে
ঢলে পড়ে পাগলিনী!
ভালো বাসে কি না, তবু
বলিতে চাহে না কভু
          নিরদয়া নলিনী!
যবে হৃদি তার কাছে,
প্রেমের নিশ্বাস যাচে
চায় সে এমন করে
বিপাকে ফেলিতে মোরে,
          হাসে কত, কথা তবু কয় না!
এমন নির্দোষ ধূর্ত
চতুর সরল,
ঘোমটা তুলিয়া চায়
চাহনি চপল
          উজল অসিত-তারা-নয়না!
অমনি চকিত এক হাসির ছটায়
ললিত কপোলে তার গোলাপ ফুটায়,
          তখনি পলায় আর রয় না!
আরো দেখুন
আমি অধম অবিশ্বাসী
Verses
আমি অধম অবিশ্বাসী,
এ পাপমুখে সাজে না যে
                 'তোমায় আমি ভালোবাসি'।
গুণের অভিমানে মেতে
আর চাহি না আদর পেতে,
কঠিন ধুলায় বসে এবার
                 চরণসেবার অভিলাষী।
হৃদয় যদি জ্বলে, তারে
                   জ্বলিতে দাও, জ্বলিতে দাও।
ঘুরব না আর আপন ছায়ায়,
কাঁদব না আর আপন মায়ায়--
তোমার পানে রাখব ধরে
                   প্রাণের অচল হাসি।
আরো দেখুন