৭১ (tumi to sei jabei chole)

তুমি তো সেই যাবেই চ'লে,     কিছু তো না রবে বাকি--

আমায় ব্যথা দিয়ে গেলে           জেগে রবে সেই কথা কি॥

        তুমি পথিক আপন-মনে

            এলে আমার কুসুমবনে,

চরণপাতে যা দাও দ'লে  সে-সব আমি দেব ঢাকি॥

বেলা যাবে আঁধার হবে, একা ব'সে হৃদয় ভ'রে

আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক'রে।

        বিদায়-বাঁশির করুণ রবে

            সাঁঝের গগন মগন হবে,

চোখের জলে দুখের শোভা নবীন ক'রে দেব রাখি॥

রাগ: পূরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এই যে হেরি গো দেবী আমারি
Songs
            এই যে হেরি গো দেবী আমারি!
                 সব কবিতাময় জগত-চরাচর,
                 সব শোভাময় নেহারি।
                 ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনক-রবি উদিছে,
                 ছন্দে জগ-মণ্ডল চলিছে,
                 জ্বলন্ত কবিতা তারকা সবে;
                 এ কবিতার মাঝারে তুমি কে গো দেবী,
                           আলোকে আলো আঁধারি।
             আজি মলয় আকুল,বনে বনে এ কী গীত গাহিছে,
                          ফুল কহিছে প্রাণের কাহিনী,
                           নব রাগ-রাগিণী উছাসিছে,
              এ আনন্দে আজ গীত গাহে মোর হৃদয় সব অবারি।
              তুমিই কি দেবী ভারতী,কৃপাগুণে অন্ধ আঁখি ফুটালে,
                          উষা আনিলে প্রাণের আঁধারে,
                          প্রকৃতির রাগিণী শিখাইলে!
                               তুমি ধন্য গো,
                        রব চিরকাল চরণ ধরি তোমারি।
আরো দেখুন
কালো মেঘের ঘটা
Songs
কালো মেঘের ঘটা ঘটনায় রে    আঁধার গগনে,
        ঝরে ধারা ঝরোঝরো    গহন বনে।
এত দিনে বাঁধন টুটে     কুঁড়ি তোমার উঠল ফুটে
        বাদল-বেলার বরিষনে
ওগো, এবার তুমি জাগো জাগো--
যেন এই বেলাটি হারায় না গো।
অশ্রুভরা কোন্‌ বাতাসে           গন্ধে যে তার ব্যথা আসে--
        আর কি গো সে রয় গোপনে॥
আরো দেখুন
নীল নবঘনে আষাঢ়গগনে
Songs
নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে॥
বাদলের ধারা ঝরে ঝরো-ঝরো,   আউষের ক্ষেত জলে ভরো-ভরো,
কালিমাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্‌ চাহি রে॥
  
ওই শোনো শোনো পারে যাবে ব'লে কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।
পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ,   দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ--
দরো-দরো বেগে জলে পড়ি জল ছলো-ছল উঠে বাজি রে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে॥
  
ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলীরে আনো গোহালে
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্‌ দেখি,   মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,
রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে॥
  
ওগো, আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে।
আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে।
ঝরো-ঝরো ধারে ভিজিবে নিচোল,   ঘাটে যেতে পথ হয়েছে পিছল--
ওই বেণুবন দোলে ঘন ঘন পথপাশে দেখ্‌ চাহি রে॥
আরো দেখুন