বাণী মোর নাহি, স্তব্ধ হৃদয় বিছায়ে চাহিতে শুধু জানি॥ আমি অমাবিভাবরী আলোছায়া, মেলিয়া অগণ্য তারা নিষ্ফল আশায় নিঃশেষ পথ চাহি॥ তুমি যবে বাজাও বাঁশি সুর আসে ভাসি নীরবতার গভীরে বিহ্বূল বায়ে নিদ্রাসমুদ্র পারায়ে। তোমার সুরের প্রতিধ্বনি তোমারে দিই ফিরায়ে, কে জানে সে কি পশে তব স্বপ্নের তীরে বিপুল অন্ধকার বাহি॥
এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল। তোমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হল ॥ এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা, কেন বয় পাই নি যে তার কূলকিনারা-- আজ গাঁথল কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হল ॥ তোমার সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল। বিরহের ব্যথাখানি খুঁজে তো পায় নি বাণী, এত দিন নীরব ছিল শরম মানি-- আজ পরশ পেয়ে উঠল গেয়ে, তোমার বীণার তার হল ॥