১৫ (ei to bhalo legechhilo)

এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়।

শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়।

রাঙা মাটির রাস্তা বেয়ে   হাটের পথিক চলে ধেয়ে,

ছোটো মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়--

সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার বীণা বাজায়॥

   

     আমার এ যে বাঁশের বাঁশি, মাঠের সুরে আমার সাধন।

     আমার মনকে বেঁধেছে রে এই ধরণীর মাটির বাঁধন।

     নীল আকাশের আলোর ধারা   পান করেছে নতুন যারা

     সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পুরে--

     আমার বীণায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে॥

   

দূরে যাবার খেয়াল হলে সবাই মোরে ঘিরে থামায়--

গাঁয়ের আকাশ সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায়।

ফুরায় নি, ভাই, কাছের সুধা,   নাই যে রে তাই দূরের ক্ষুধা--

এই-যে এ-সব ছোটোখাটো পাই নি এদের কূলকিনারা।

তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয় নি সারা ॥

   

     লাগল ভালো, মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই--

     দিনে রাতে সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই।

     মজেছে মন, মজল আঁখি-- মিথ্যে আমায় ডাকাডাকি--

     ওদের আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়ো--

     আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো ॥

রাগ: বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ এপ্রিল, ১৯১৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হিয়া কাঁপিছে সুখে
Songs
        হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী,
             কেন নয়নে আসে বারি।
        আজি প্রিয়তম আসিবে মোর ঘরে--
             বলো কী করিব আমি সখী।
দেখা হলে, সখী, সেই প্রাণবঁধুরে         কী বলিব নাহি জানি।
    সে কি না জানিবে, সখী,    রয়েছে যা হৃদয়ে--
        না বুঝে কি ফিরে যাবে সখী॥
আরো দেখুন
তুই রে বসন্ত সমীরণ
Songs
                   তুই রে বসন্তসমীরণ ।
                   তোর নহে সুখের জীবন ।।
            কিবা দিবা কিবা রাতি       পরিমলমদে মাতি
                   কাননে করিস বিচরণ ।।
            নদীরে জাগায়ে দিস      লতারে রাগায়ে দিস
                   চুপিচুপি করিয়া চুম্বন
                   তোর নহে সুখের জীবন ।।

                   শোন্‌ বলি বসন্তের বায়,
                   হৃদয়ের লতাকুঞ্জে আয় ।
           নিভৃত নিকুঞ্জ ছায়         হেলিয়া ফুলের গায়
                   শুনিয়া পাখির মৃদু গান
           লতার-হৃদয়ে-হারা          সুখে-অচেতন-পারা
                   ঘুমায়ে কাটায়ে দিবি প্রাণ ।
                   তাই বলি বসন্তের বায়,
                   হৃদয়ের লতাকুঞ্জে আয় ।।
আরো দেখুন
আজি শুভ শুভ্র প্রাতে
Songs
আজি শুভ শুভ্র প্রাতে কিবা শোভা দেখালে
     শান্তিলোক জ্যোতির্লোক প্রকাশি।
     নিখিল নীল অম্বর বিদারিয়া দিক্‌দিগন্তে
          আবরিয়া রবি শশী তারা
              পুণ্যমহিমা উঠে বিভাসি ॥
আরো দেখুন