হলাহল (halaahal)

       এমন ক'দিন কাটে আর!

    ললিত গলিত হাস,        জাগরণ, দীর্ঘশ্বাস,

    সোহাগ, কটাক্ষ, মান, নয়নসলিলধার,

    মৃদু হাসি--মৃদৃ কথা --আদরের, উপেক্ষার--

    এই শুধু, এই শুধু, দিনরাত এই শুধু--

        এমন কদিন কাটে আর!

    

    কটাক্ষে মরিয়া যায়,   কটাক্ষে বাঁচিয়া উঠে,

    হাসিতে হৃদয় জুড়ে, হাসিতে হৃদয় টুটে,

    ভীরুর মতন আসে        দাঁড়ায়ে রহে গো পাশে,

    ভয়ে ভয়ে মৃদু হাসে,  ভয়ে ভয়ে মুখ ফুটে,

    একটু আদর পেলে অমনি চরণে লুটে,

    অমনি হাসিটি জাগে মলিন অধরপুটে,  

    একটু কটাক্ষ হেরি অমনি সরিয়া যায়--

    অমনি জগৎ যেন শূন্য, মরুভূমি-হেন,

    অমনি মরণ যেন প্রাণের অধিক ভায়।

    প্রণয় অমৃত এ কি?    এ যে ঘোর হলাহল--

    হৃদয়ের শিরে শিরে       প্রবেশিয়া ধীরে ধীরে

    অবশ করেছে দেহ, শোণিত করেছে জল।

    কাজ নাই, কর্ম নাই,     বসে আছে এক ঠাঁই,  

    হাসি ও কটাক্ষ লয়ে খেলেনা গড়িছে যত,

    কভু ঢুলে-পড়া আঁখি কভু অশ্রুভারে নত।

    দূর করো, দূর করো,  বিকৃত এ ভালোবাসা

    জীবনদায়িনী নহে, এ যে গো হৃদয়নাশা।

    কোথায় প্রণয়ে মন যৌবনে ভরিয়া উঠে,

    জগতের অধরেতে হাসির জোছনা ফুটে,

    চোখেতে সকলি ঠেকে বসন্তহিল্লোলময়,

    হৃদয়ের শিরে শিরে শোণিত সতেজে বয়--

    তা নয়, একি এ হল, একি এ জর্জর মন!  

    হাসিহীন দু অধর, জোতিহীন দু নয়ন!  

    দূরে যাও, দূরে যাও, হৃদয় রে দূরে যাও--

    ভূলে যাও, ভুলে যাও, ছেলেখেলা ভুলে যাও।

    দূর করো, দূর করো, বিকৃত এ ভালোবাসা--

    জীবনদায়িনী  নহে, এ যে গো হৃদয়নাশা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যাত্রী
Verses
ওরে যাত্রী, যেতে হবে বহুদূরদেশে।
কিসের করিস চিন্তা বসি পথশেষে?
কোন্‌ দুঃখে কাঁদে প্রাণ? কার পানে চাহি
বসে বসে দিন কাটে শুধু গান গাহি
শুধু মুগ্ধনেত্র মেলি? কার কথা শুনে
মরিস জ্বলিয়া মিছে  মনের আগুনে?
কোথায় রহিবে পড়ি এ তোর সংসার!
কোথায় পশিবে সেথা কলরব তার!
মিলাইবে যুগ যুগ স্বপনের মতো,
কোথা রবে আজিকার কুশাঙ্কুরক্ষত!
নীরবে জ্বলিবে তব পথের দু ধারে
গ্রহতারকার দীপ কাতারে কাতারে।
তখনো চলেছ একা অনন্ত ভুবনে--
কোথা হতে কোথা গেছ না রহিবে মনে।
আরো দেখুন
সুখী প্রাণ
Verses
জান না তো নির্ঝরিণী,  আসিয়াছ কোথা হতে,
          কোথায় যে করিছ প্রয়াণ,
মাতিয়া চলেছ তবু                আপন আনন্দে পূর্ণ,
          আনন্দ করিছ সবে দান।
বিজন-অরণ্য-ভূমি                 দেখিছে তোমার খেলা
          জুড়াইছে তাহার নয়ান।
মেষ-শাবকের মতো               তরুদের ছায়ে ছায়ে
          রচিয়াছ খেলিবার স্থান।
গভীর ভাবনা কিছু                 আসে না তোমার কাছে,
          দিনরাত্রি গাও শুধু গান।
বুঝি নরনারী মাঝে                এমনি বিমল হিয়া
          আছে কেহ তোমারি সমান।
চাহে না চাহে না তারা  ধরণীর আড়ম্বর,
          সন্তোষে কাটাতে চায় প্রাণ,
নিজের আনন্দ হতে                আনন্দ বিতরে তারা
          গায় তারা বিশ্বের কল্যাণ।
আরো দেখুন
302
Verses
THY SUNSHINE smiles upon the winter days of my heart, never doubting of its spring flowers.
আরো দেখুন