প্রাণগঙ্গা (prangonga)

প্রতিদিন নদীস্রোতে পুষ্পপত্র করি অর্ঘ্য দান

          পূজারির পূজা-অবসান।

     আমিও তেমনি যত্নে মোর ডালি ভরি

          গানের অঞ্জলি দান করি

        প্রাণের জাহ্নবীজলধারে,

          পূজি আমি তারে।

 

     বিগলিত প্রেমের আনন্দবারি সে যে,

          এসেছে বৈকুণ্ঠধাম ত্যেজে।

     মৃত্যুঞ্জয় শিবের অসীম জটাজালে

          ঘুরে ঘুরে কালে কালে

তপস্যার তাপ লেগে প্রবাহ পবিত্র হল তার।

          কত-না যুগের পাপভার

     নিঃশেষে ভাসায়ে দিল অতলের-মাঝে।

          তরঙ্গে তরঙ্গে তার বাজে

          ভবিষ্যের মঙ্গলসংগীত।

তটে তটে বাঁকে বাঁকে অনন্তের চলেছে ইঙ্গিত।

 

                 দৈবস্পর্শে তার

     আমারে সে ধূলি হতে করিল উদ্ধার;

     অঙ্গে অঙ্গে দিল তার তরঙ্গের দোল;

          কণ্ঠে দিল আপন কল্লোল।

     আলোকের নৃত্যে মোর চক্ষু দিল ভরি

                          বর্ণের লহরী।

     খুলে গেল অনন্তের কালো উত্তরীয়;

          কত রূপে দেখা দিল প্রিয়,

                          অনির্বচনীয়।

 

     তাই মোর গান

          কুসুম-অঞ্জলি-অর্ঘ্যদান

                                      প্রাণজাহ্নবীরে।

          তাহারি আবর্তে ফিরে ফিরে

এ পূজার কোনো ফুল নাও যদি ভাসে চিরদিন,

                 বিস্মৃতির তলে হয় লীন,

     তবে তার লাগি, কহো,

        কার সাথে আমার কলহ।

   এই নীলাম্বরতলে তৃণরোমাঞ্চিত ধরণীতে

                 বসন্তে বর্ষায় গ্রীষ্মে শীতে

   প্রতিদিবসের পূজা প্রতিদিন করি অবসান

        ধন্য হয়ে ভেসে যাক গান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রভুগৃহ হতে আসিলে যেদিন
Verses
       প্রভুগৃহ হতে আসিলে যেদিন
                    বীরের দল
       সেদিন কোথায় ছিল যে লুকানো
                    বিপুল বল।
       কোথায় বর্ম, অস্ত্র কোথায়,
       ক্ষীণ দরিদ্র অতি অসহায়,
       চারি দিক হতে এসেছে আঘাত
                    অনর্গল,
       প্রভুগৃহ হতে আসিলে যেদিন
                    বীরের দল।
                           প্রভুগৃহমাঝে ফিরিলে যেদিন
                                  বীরের দল
                           সেদিন কোথায় লুকাল আবার
                                  বিপুল বল।
                           ধনুশর অসি কোথা গেল খসি,
                           শান্তির হাসি উঠিল বিকশি;
                           চলে গেলে রাখি সারা জীবনের
                                  সকল ফল,
                           প্রভুগৃহমাঝে ফিরিলে যেদিন
                                  বীরের দল।
আরো দেখুন
ইটালিয়া
Verses
                             কহিলাম, "ওগো রানী,
কত কবি এল চরণে তোমার উপহার দিল আনি।
                             এসেছি শুনিয়া তাই,
উষার দুয়ারে পাখির মতন গান গেয়ে চলে যাই।'
                   শুনিয়া দাঁড়ালে তব বাতায়ন-'পরে;
                   ঘোমটা আড়ালে কহিলে করুণ স্বরে,
                             "এখন শীতের দিন
কুয়াশায় ঢাকা আকাশ আমার, কানন কুসুমহীন।'
                             কহিলাম, "ওগো রানী,
          সাগরপারের নিকুঞ্জ হতে এনেছি বাঁশরিখানি।
                             উতারো ঘোমটা তব,
বারেক তোমার কালো নয়নের আলোখানি দেখে লব।'
                   কহিলে, "আমার হয় নি রঙিন সাজ;
                             হে অধীর কবি, ফিরে যাও তুমি আজ;
                                                মধুর ফাগুন মাসে
             কুসুম-আসনে বসিব যখন ডেকে লব মোর পাশে।'
                                কহিলাম, "ওগো রানী,
            সফল হয়েছে যাত্রা আমার, শুনেছি আশার বাণী।
                                বসন্তসমীরণে
   তব আহ্বানমন্ত্র ফুটিবে কুসুমে আমার বনে।
                                      মধুপমুখর গন্ধমাতাল দিনে
                      ওই জানালার পথখানি লব চিনে,
                                      আসিবে সে সুসময়।
আজিকে বিদায় নেবার বেলায় গাহিব তোমার জয়।'
আরো দেখুন
17
Verses
THESE LITTLE thoughts are the rustle of leaves; they have their whisper of joy in my mind.
আরো দেখুন