চোদ্দো (ogo toruni)

                           ওগো তরুণী,

ছিল অনেক দিনের পুরানো বছরে

             এমনি একখানি নতুন কাল,

                    দক্ষিণ হাওয়ায় দোলায়িত,

                    সেই কালেরই আমি ।

মুছে-আসা ঝাপসা পথ বেয়ে

            এসে পড়েছি বনগন্ধের সংকেতে

        তোমাদের এই আজকে-দিনের নতুন কালে ।

পারো যদি মেনে নিয়ো আমায় সখা বলে ।

         আর কিছু নয়,আমি গান জোগাতে পারি

                         তোমাদের মিলনরাতে

          আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান;

তার সুরে পাবে দুরের নতুনকে,

          তোমার লাগবে ভালো,

             পাবে আপনাকেই

                         আপনার সীমানার অতীত পারে ।

  সেদিনকার বসন্তের বাঁশিতে

             লেগেছিল যে প্রিয়বন্দনার তান

                              আজ সঙ্গে এনেছি তাই,

          সে নিয়ো তোমার অর্ধনিমীলিত চোখের পাতায়,

               তোমার দীর্ঘনিশ্বাসে ।

            আমার বিস্মৃত বেদনার আভাসটুকু

                        ঝরা ফুলের মৃদু গন্ধের মতো

          রেখে দিয়ে যাব তোমার নববসন্তের হাওয়ায়।

                                  সেদিনকার ব্যথা    

                          অকারণে বাজবে তোমার বুকে;

                  মনে বুঝবে, সেদিন তুমি ছিলে না তবু ছিলে,

           নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে

                                 যবনিকার ও পারে ।

                         ওগো চিরন্তনী,

       আজ আমার বাঁশি তোমাকে বলতে এল--

যখন তুমি থাকবে না তখনো তুমি থাকবে আমার গানে ।

             ডাকতে এলেম আমার হারিয়ে-যাওয়া পুরোনোকে

                         তার খুঁজে-পাওয়া নতুন নামে ।

                                        হে তরুণী,

আমাকে মেনে নিয়ো তোমার সখা বলে,

                                   তোমার অন্যযুগের  সখা ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায়
Verses
গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায়
দিনরাত একা ব'সে কাটালো সে পাবনায়--
     নাম তার চুনিলাল, ডাক নাম ঝোড়্‌কে।
১ গুলো সবই ১ সাদা আর কালো কি,
গণিতের গণনায় এ মতটা ভালো কি।
     অবশেষে সাম্যের সামলাবে তোড় কে।
          একের বহর কভু বেশি কভু কম হবে,
          এক রীতি হিসাবের তবুও কি সম্ভবে।
              ৭ যদি বাঁশ হয়, ৩ হয় খড়কে,
              তবু শুধু ১০ দিয়ে জুড়বে সে জোড় কে।
যোগ যদি করা যায় হিড়িম্বা কুন্তীতে,
সে কি ২ হতে পারে গণিতের গুন্‌তিতে।
     যতই না কষে নাও মোচা আর থোড়কে
     তার গুণফল নিয়ে আঁক যাবে ভড়কে।
আরো দেখুন
এই নিমেষে গণনাহীন
Verses
এই নিমেষে গণনাহীন
      নিমেষ গেল টুটে--
একের মাঝে এক হয়ে মোর
      উঠল হৃদয় ফুটে।
বক্ষে কুঁড়ির কারায় বন্ধ
অন্ধকারের কোন্‌ সুগন্ধ
আজ প্রভাতে পূজার বেলায়
      পড়ল আলোয় লুটে।
তোমায় আমায় একটুখানি
      দূর যে কোথাও নাই--
নয়ন মুদে নয়ন মেলে
      এই তো দেখি তাই।
যেই খুলেছি আঁখির পাতা,
যেই তুলেছি নত মাথা,
তোমার মাঝে অমনি আমার
      জয়ধ্বনি উঠে।
আরো দেখুন
এ দিন আজি কোন্‌ ঘরে গো
Verses
এ দিন আজি কোন্‌ ঘরে গো
          খুলে দিল দ্বার।
আজি প্রাতে সূর্য ওঠা
         সফল হল কার।
কাহার অভিষেকের তরে
সোনার ঘটে আলোক ভরে।
উষা কাহার আশিস বহি
         হল আঁধার পার।
বনে বনে ফুল ফুটেছে,
            দোলে নবীন পাতা--
কার হৃদয়ের মাঝে হল
            তাদের মালা গাঁথা।
বহুযুগের উপহারে
বরণ করি নিল কারে।
কার জীবনে প্রভাত আজি
            ঘোচায় অন্ধকার।
আরো দেখুন