১২৯ (kothay alo kothay ore alo)

কোথায় আলো, কোথায় ওরে আলো!

বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।

     রয়েছে দীপ না আছে শিখা,

     এই কি ভালে ছিল রে লিখা--

ইহার চেয়ে মরণ সে যে ভালো।

বিরহানলে প্রদীপখানি জ্বালো।

বেদনাদূতী গাহিছে, "ওরে প্রাণ,

তোমার লাগি জাগেন ভগবান।

     নিশীথে ঘন অন্ধকারে

     ডাকেন তোরে প্রেমাভিসারে,

দুঃখ দিয়ে রাখেন তোর মান।

তোমার লাগি জাগেন ভগবান।'

গগনতল গিয়েছে মেঘে ভরি,

বাদল-জল পড়িছে ঝরি ঝরি।

     এ ঘোর রাতে কিসের লাগি

     পরান মম সহসা জাগি

এমন কেন করিছে মরি মরি।

বাদল-জল পড়িছে ঝরি ঝরি।

বিজুলি শুধু ক্ষণিক আভা হানে,

নিবিড়তর তিমির চোখে আনে।

     জানি না কোথা অনেক দূরে

     বাজিল প্রাণ গভীর সুরে,

সকল গান টানিছে পথপানে।

নিবিড়তর তিমির চোখে আনে।

কোথায় আলো, কোথায় ওরে আলো!

বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।

     ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া,

     সময় গেলে হবে না যাওয়া,

নিবিড় নিশা নিকষঘন কালো।

পরান দিয়ে প্রেমের দীপ জ্বালো।

রাগ: দেশ

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ শুধু অলস
Songs
এ শুধু অলস মায়া,   এ শুধু মেঘের খেলা,
এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন।
এ শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা,
নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন।
     শ্যামল পল্লবপাতে রবিকরে সারা বেলা
     আপনারই ছায়া লয়ে খেলা করে ফুলগুলি--
     এও সেই ছায়াখেলা বসন্তের সমীরণে।
কুহকের দেশে যেন সাধ ক'রে পথ ভুলি
হেথা হোথা ঘুরি ফিরি সারা দিন আনমনে।
কারে যেন দেব' ব'লে কোথা যেন ফুল তুলি--
সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে।
          এ খেলা খেলিবে, হায়, খেলার সাথি কে আছে।
          ভুলে ভুলে গান গাই-- কে শোনে, কে নাই শোনে--
          যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে॥
আরো দেখুন
যদি হায় জীবন
Songs
যদি হায়   জীবন পূরণ নাই হল মম   তব অকৃপণ করে,
                   মন তবু জানে জানে--
          চকিত ক্ষণিক আলোছায়া তব   আলিপন আঁকিয়া যায়
              ভাবনার প্রাঙ্গণে॥
                   বৈশাখের শীর্ণ নদী   ভরা স্রোতের দান না পায় যদি
                             তবু সঙ্কুচিত তীরে তীরে
                        ক্ষীণ ধারায়   পলাতক পরশখানি দিয়ে যায়,
                             পিয়াসি লয় তাহা ভাগ্য মানি॥
মম      ভীরু বাসনার অঞ্জলিতে
     যতটুকু পাই রয় উচ্ছলিতে।
                        দিবসের দৈন্যের সঞ্চয় যত
                             যত্নে ধরে রাখি,
                        সে যে রজনীর স্বপ্নের আয়োজন॥
আরো দেখুন
হে অন্তরের ধন
Songs
                   হে অন্তরের ধন,
          তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন ॥
আমার ঘরে তোমায় আমি   একা রেখে দিলাম স্বামী--
          কোথায় যে বাহিরে আমি ঘুরি সকল ক্ষণ ॥
                   হে অন্তরের ধন,
          এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন।
তোমার বাঁশি নানা সুরে   আমায় খুঁজে বেড়ায় দূরে,
          পাগল হল বসন্তের এই দখিন-সমীরণ ॥
আরো দেখুন