৩৫১ (akarane okale mor)

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

          তখন আমি ছিলেম শয়ন পাতি।

বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক,

          ধরায় তখন তিমিরগহন রাতি।

          ঘরের লোকে কেঁদে কইল মোরে,

          "আঁধারে পথ চিনবে কেমন ক'রে?'

আমি কইনু, "চলব আমি নিজের আলো ধরে,

          হাতে আমার এই-যে আছে বাতি।'

বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে

          চোখে ততই লাগে আলোর বাধা,

ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে--

          আধেক দেখা করে আমায় আঁধা।

          গর্বভরে যতই চলি বেগে

          আকাশ তত ঢাকে ধুলার মেঘে,

শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে--

          পায়ে পায়ে সৃজন করে ধাঁধা ॥

হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজালে,

          হঠাৎ হাতে নিবল আমার বাতি।

চেয়ে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন্‌ কালে--

          চেয়ে দেখি তিমিরগহন রাতি।

          কেঁদে বলি মাথা করে নিচু,

          "শক্তি আমার রইল না আর কিছু!'

সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু

          এসেছ মোর চিরপথের সাথি ॥

রাগ: সাহানা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি কী গান
Songs
আমি কী গান গাব যে   ভেবে না পাই--
     মেঘলা আকাশে   উতলা বাতাসে   খুঁজে বেড়াই॥
     বনের গাছে গাছে জেগেছে ভাষা   ভাষাহারা নাচে--
     মন ওদের কাছে   চঞ্চলতার রাগিণী যাচে,
          সারাদিন   বিরামহীন   ফিরি যে তাই॥
আমার অঙ্গে   সুরতরঙ্গে   ডেকেছে বান,
     রসের প্লাবনে ডুবিয়া যাই।
          কী কথা রয়েছে আমার মনের ছায়াতে
          স্বপ্নপ্রদোষে-- আমি   তারে যে চাই॥
আরো দেখুন
সুখে আছি, সুখে আছি
Songs
সুখে আছি সুখে আছি (সখা, আপন মনে।)
কিছু চেয়ো না, দূরে যেয়ো না,
শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি।
সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ,
রচিয়া ললিত মধুর বাণী আড়ালে গাবে গান।
গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি।
মন চেয়ো না, শুধু চেয়ে থাকো,
শুধু ঘিরে থাকো কাছাকাছি।
মধুর জীবন, মধুর রজনী, মধুর মলয়-বায়।
এই মাধুরী-ধারা বহিছে আপনি, কেহ কিছু নাহি চায়।
আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা,
যেন আপনার মন, আপনার প্রাণ, আপনারে সঁপিয়াছি।
আরো দেখুন
আসা-যাওয়ার মাঝখানে
Songs
                   আসা-যাওয়ার মাঝখানে
          একলা আছ চেয়ে কাহার পথ-পানে ॥
আকাশে ওই কালোয় সোনায়   শ্রাবণমেঘের কোণায় কোণায়
          আঁধার-আলোয় কোন্‌ খেলা যে কে জানে
                   আসা-যাওয়ার মাঝখানে ॥
শুকনো পাতা ধুলায় ঝরে,  নবীন পাতায় শাখা ভরে।
মাঝে তুমি আপন-হারা, পায়ের কাছে জলের ধারা
          যায় চলে ওই অশ্রু-ভরা কোন্‌ গানে
                   আসা-যাওয়ার মাঝখানে ॥
আরো দেখুন