আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে ॥ তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার, হারায় না সে আর ॥ প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্বকরে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন-- মুকুটে তাঁর পরেন সে রতন ॥
ওরে, তোরা নেই বা কথা বললি, দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী ॥ মরিস মিথ্যে ব'কে ঝ'কে, দেখে কেবল হাসে লোকে, নাহয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি ॥ অন্তরে তোর আছে কী যে নেই রটালি নিজে নিজে, নাহয় বাদ্যগুলো বন্ধ রেখে চুপেচাপেই চললি ॥ কাজ থাকে তো কর্ গে না কাজ, লাজ থাকে তো ঘুচা গে লাজ, ওরে, কে যে তোরে কী বলেছে নেই বা তাতে টললি ॥