শীত (sheet )

পাখি বলে "আমি চলিলাম',

          ফুল বলে "আমি ফুটিব না',

মলয় কহিয়া গেল শুধু

          "বনে বনে আমি ছুটিব না'।

কিশলয় মাথাটি না তুলে

          মরিয়া পড়িয়া গেল ঝরি,

সায়াহ্ন ধুমলঘন বাস

          টানি দিল মুখের উপরি।

পাখি কেন গেল গো চলিয়া,

          কেন ফুল কেন সে ফুটে না।

চপল মলয় সমীরণ

          বনে বনে কেন সে ছুটে না।

শীতের হৃদয় গেছে চলে,

          অসাড় হয়েছে তার মন,

ত্রিবলিবলিত তার ভাল

          কঠোর জ্ঞানের নিকেতন।

জ্যোৎস্নার যৌবন-ভরা রূপ,

          ফুলের যৌবন পরিমল,

মলয়ের বাল্যখেলা যত,

          পল্লবের বাল্য-কোলাহল--

সকলি সে মনে করে পাপ,

         মনে করে প্রকৃতির ভ্রম,

ছবির মতন বসে থাকা

         সেই জানে জ্ঞানীর ধরম।

তাই পাখি বলে "চলিলাম',

         ফুল বলে "আমি ফুটিব না'।

মলয় কহিয়া গেল শুধু

         "বনে বনে আমি ছুটিব না'।

আশা বলে "বসন্ত আসিবে',

         ফুল বলে "আমিও আসিব',

পাখি বলে "আমিও গাহিব',

         চাঁদ বলে "আমিও হাসিব'।

বসন্তের নবীন হৃদয়

         নূতন উঠেছে আঁখি মেলে--

যাহা দেখে তাই দেখে হাসে,

         যাহা পায় তাই নিয়ে খেলে।

মনে তার শত আশা জাগে,

         কী যে চায় আপনি না বুঝে--

প্রাণ তার দশ দিকে ধায়

         প্রাণের মানুষ খুঁজে খুঁজে।

ফুল ফুটে, তারো মুখ ফুটে--

         পাখি গায়, সেও গান গায়--

বাতাস বুকের কাছে এলে

         গলা ধ'রে দুজনে খেলায়।

তাই শুনি "বসন্ত আসিবে'

         ফুল বলে "আমিও আসিব',

পাখি বলে "আমিও গাহিব',

         চাঁদ বলে "আমিও হাসিব'।

শীত, তুমি হেথা কেন এলে।

            উত্তরে তোমার দেশ আছে--

পাখি সেথা নাহি গাহে গান,

            ফুল সেথা নাহি ফুটে গাছে।

সকলি তুষারমরুময়,

            সকলিআঁধার জনহীন--

সেথায় একেলা বসি বসি

            জ্ঞানী গো, কাটায়ো তব দিন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যা হারিয়ে যায় তা আগলে বসে
Verses
যা    হারিয়ে যায় তা আগলে বসে
             রইব কত আর।
আর  পারি নে রাত জাগতে হে নাথ,
             ভাবতে অনিবার।
                    আছি রাত্রিদিবস ধরে
                    দুয়ার আমার বন্ধ করে,
                    আসতে যে চায় সন্দেহে তায়
                           তাড়াই বারে বারে।
       তাই তো কারো হয় না আসা
              আমার একা ঘরে।
       আনন্দময় ভুবন তোমার
              বাইরে খেলা করে।
                    তুমিও বুঝি পথ নাহি পাও,
                    এসে এসে ফিরিয়া যাও,
                     রাখতে যা চাই রয় না তাও
                           ধুলায় একাকার।
আরো দেখুন
যেতে যেতে একলা পথে
Verses
যেতে যেতে একলা পথে
              নিবেছে মোর বাতি।
ঝড় এসেছে, ওরে, এবার
              ঝড়কে পেলেম সাথি।
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে
              করছে মাতামাতি।
যে পথ দিয়ে যেতেছিলেম
              ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে
              গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে,
কোন্‌ পুরীতে গিয়ে তবে
              প্রভাত হবে রাতি।
আরো দেখুন
7
Verses
যত দিন কাছে ছিলে বলো কী উপায়ে
আপনারে রেখেছিলে এমন লুকায়ে?
ছিলে তুমি আপনার কর্মের পশ্চাতে
অন্তর্যামী বিধাতার চোখের সাক্ষাতে।
প্রতি দণ্ড-মুহূর্তের অন্তরাল দিয়া
নিঃশব্দে চলিয়া গেছ নম্র-নত-হিয়া।
আপন সংসারখানি করিয়া প্রকাশ
আপনি ধরিয়াছিলে কী অজ্ঞাত বাস!
আজি যবে চলি গেলে খুলিয়া দুয়ার
পরিপূর্ণ রূপখানি দেখালে তোমার।
জীবনের সব দিন সব খণ্ড কাজ
ছিন্ন হয়ে পদতলে পড়ি গেল আজ।
তব দৃষ্টিখানি আজি বহে চিরদিন
চির-জনমের দেখা পলকবিহীন।
আরো দেখুন