দশ (ei dehokhana bohon kore aschhe)

এই দেহখানা বহন করে আসছে দীর্ঘকাল

            বহু ক্ষুদ্র মহূর্তের রাগদ্বেষ ভয়ভাবনা

                  কামনার আবর্জনারাশি ।

            এর আবিল আবরণে বারে বারে ঢাকা পড়ে

                                    আত্মার মুক্তরূপ ।

এ সত্যের মুখোশ প'রে সত্যকে আড়ালে রাখে;

          মৃত্যুর কাদামাটিতেই গড়ে আপনার পুতুল,

    তবু তার মধ্যে  মৃত্যুর আভাস পেলেই

                 নালিশ করে আর্তকন্ঠে ।

     খেলা করে নিজেকে ভোলাতে,

                 কেবলই ভুলতে চায় যে সেটা খেলা ।

প্রাণপণ সঞ্চয়ে রচনা করে মরণের অর্ঘ্য;

            স্তুতিনিন্দার বাষ্পবুদবুদে ফেনিল হয়ে

                       পাক খায় ওর হাসিকান্নার আবর্ত ।

বক্ষ ভেদ ক'রে ও হাউইয়ের আগুন দেয় ছুটিয়ে,

             শূন্যের কাছ থেকে ফিরে পায় ছাই ---

                    দিনে দিনে তাই করে স্তূপাকার ।

 

প্রতিদিন যে প্রভাতে পৃথিবী

     প্রথম সৃষ্টির অক্লান্ত নির্মল দেববেশে দেয় দেখা,

   আমি তার উন্মীলিত আলোকের অনুসরণ করে

          অন্বেষণ করি আপন অন্তরলোক ।

অসংখ্য দণ্ড পল নিমেষের জটিল মলিন জালে বিজড়িত

            দেহটাকে সরিয়ে ফেলি মনের থেকে

     যেখানে সরে যায় অন্ধকার রাতের

            নানা ব্যর্থ ভাবনার অত্যুক্তি,

যায় বিস্মৃত দিনের অনবধানে পুঞ্জিত লেখন যত -

             সেই-সব নিমন্ত্রণলিপি নীরব যার আহ্বান,

                     নিঃশেষিত যার প্রত্যুত্তর।

তখন মনে পড়ে, সবিতা,

          তোমার কাছে ঋষিকবির প্রার্থনামন্ত্র,

   যে মন্ত্রে বলেছিলেন,হে পূষণ,

      তোমার হিরন্ময় পাত্রে সত্যের মুখ আচ্ছন্ন,

             উন্মুক্ত করো সেই আবরণ ।

 

          আমিও প্রতিদিন উদয়দিগ্‌বলয় থেকে বিচ্ছুরিত রশ্মিচ্ছটায়

                             প্রসারিত করে দিই আমার জাগরণ;

                    বলি, হে সবিতা,

                        সরিয়ে দাও  আমার এই দেহ,এই আচ্ছাদন --

                     তোমার তেজোময় অঙ্গের সূক্ষ্ণ  অগ্নিকণায়

                             রচিত যে-আমার দেহের অণুপরমাণু,

তারও অলক্ষ্য  অন্তরে আছে তোমার কল্যাণতম রূপ,

                    তাই প্রকাশিত  হোক আমার নিরাবিল দৃষ্টিতে ।

আমার অন্তরতম সত্য

                    আদি যুগে অব্যক্ত পৃথিবীর সঙ্গে

                             তোমার বিরাটে ছিল বিলীন,

                                সেই সত্য তোমারই ।

তোমার জ্যোতির স্তিমিত কেন্দ্রে মানুষ

                    আপনার মহৎস্বরূপকে দেখেছে কালে কালে,

                             কখনো নীল-মহানদীর তীরে,

                                কখনো পারস্যসাগরের কূলে,

                          কখনো হিমাদ্রিগিরিতটে --

বলেছে "জেনেছি আমরা অমৃতের পুত্র',

            বলেছে "দেখেছি অন্ধকারের পার হতে

                       আদিত্যবর্ণ মহান পুরুষের আবির্ভাব' ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মাতার আহ্বান
Verses
বারেক তোমার দুয়ারে দাঁড়ায়ে
  ফুকারিয়া ডাকো জননী!
প্রান্তরে তব সন্ধ্যা নামিছে,
     আঁধারে ঘেরিছে ধরণী।
ডাকো "চলে আয়, তোরা কোলে আয়',
ডাকো সকরুণ আপন ভাষায়--
সে বাণী হৃদয়ে করুণা জাগায়,
       বেজে ওঠে শিরা ধমনী,
হেলায় খেলায় যে আছে যেথায়
       সচকিয়া উঠে অমনি।
আমরা প্রভাতে নদী পার হনু,
       ফিরিনু কিসের দুরাশে।
পরের উঞ্ছ অঞ্চলে লয়ে
       ঢালিনু জঠরহুতাশে।
খেয়া বহে নাকো, চাহি ফিরিবারে,
তোমার তরণী পাঠাও এ পারে,
আপনার খেত গ্রামের কিনারে
       পড়িয়া রহিল কোথা সে!
বিজন বিরাট শূন্য সে মাঠ
       কাঁদিছে উতলা বাতাসে!
কাঁপিয়া কাঁপিয়া দীপখানি তব
       নিবু-নিবু করে পবনে
জননী, তাহারে করিয়ো রক্ষা
       আপন বক্ষোবসনে।
তুলি ধরো তারে দক্ষিণ করে,
তোমার ললাটে যেন আলো পড়ে--
চিনি দূর হতে, ফিরে আসি ঘরে
       না ভুলি আলেয়া-ছলনে।
এ পারে দুয়ার রুদ্ধ, জননী,
       এ পরপুরীর ভবনে।
তোমার বনের ফুলের গন্ধ
       আসিছে সন্ধ্যাসমীরে।
শেষ গান গাহে তোমার কোকিল
       সুদূরকুঞ্জতিমিরে।
পথে কোনো লোক নাহি আর বাকি,
গহন কাননে জ্বলিছে জোনাকি,
আকুল অশ্রু ভরি দুই আঁখি
       উচ্ছ্বসি উঠে অধীরে।
"তোরা যে আমার' ডাকো একবার
       দাঁড়ায়ে দুয়ার-বাহিরে।
আরো দেখুন
12
Verses
      অবসান হল রাতি।
নিবাইয়া ফেলো কালিমামলিন
      ঘরের কোণের বাতি।
নিখিলের আলো পূর্ব-আকাশে
      জ্বলিল পুণ্যদিনে--
এক পথে যারা চলিবে তাহারা
      সকলেরে নিক্‌ চিনে।
আরো দেখুন
দুই উপমা
Verses
যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে
সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে;
যে জাতি জীবনহারা অচল অসাড়
পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।
সর্বজন সর্বক্ষণ চলে যেই পথে
তৃণগুল্ম সেথা নাহি জন্মে কোনোমতে;
যে জাতি চলে না কভু তারি পথ-'পরে
তন্ত্র-মন্ত্র-সংহিতায় চরণ না সরে।
আরো দেখুন