মাতার আহ্বান (matar ahban)

বারেক তোমার দুয়ারে দাঁড়ায়ে

  ফুকারিয়া ডাকো জননী!

প্রান্তরে তব সন্ধ্যা নামিছে,

     আঁধারে ঘেরিছে ধরণী।

ডাকো "চলে আয়, তোরা কোলে আয়',

ডাকো সকরুণ আপন ভাষায়--

সে বাণী হৃদয়ে করুণা জাগায়,

       বেজে ওঠে শিরা ধমনী,

হেলায় খেলায় যে আছে যেথায়

       সচকিয়া উঠে অমনি।

 

আমরা প্রভাতে নদী পার হনু,

       ফিরিনু কিসের দুরাশে।

পরের উঞ্ছ অঞ্চলে লয়ে

       ঢালিনু জঠরহুতাশে।

খেয়া বহে নাকো, চাহি ফিরিবারে,

তোমার তরণী পাঠাও এ পারে,

আপনার খেত গ্রামের কিনারে

       পড়িয়া রহিল কোথা সে!

বিজন বিরাট শূন্য সে মাঠ

       কাঁদিছে উতলা বাতাসে!

 

কাঁপিয়া কাঁপিয়া দীপখানি তব

       নিবু-নিবু করে পবনে

জননী, তাহারে করিয়ো রক্ষা

       আপন বক্ষোবসনে।

তুলি ধরো তারে দক্ষিণ করে,

তোমার ললাটে যেন আলো পড়ে--

চিনি দূর হতে, ফিরে আসি ঘরে

       না ভুলি আলেয়া-ছলনে।

এ পারে দুয়ার রুদ্ধ, জননী,

       এ পরপুরীর ভবনে।

 

তোমার বনের ফুলের গন্ধ

       আসিছে সন্ধ্যাসমীরে।

শেষ গান গাহে তোমার কোকিল

       সুদূরকুঞ্জতিমিরে।

পথে কোনো লোক নাহি আর বাকি,

গহন কাননে জ্বলিছে জোনাকি,

আকুল অশ্রু ভরি দুই আঁখি

       উচ্ছ্বসি উঠে অধীরে।

"তোরা যে আমার' ডাকো একবার

       দাঁড়ায়ে দুয়ার-বাহিরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

১৩৬
Verses
১৩৬
সূর্যপানে চেয়ে ভাবে মল্লিকামুকুল
কখন ফুটিবে মোর অত বড়ো ফুল॥    
আরো দেখুন
4
Verses
আরবার ফিরে এল উৎসবের দিন।
বসন্তের অজস্র সম্মান
ভরি দিল তরুশাখা কবির প্রাঙ্গণে
নব জন্মদিনের ডালিতে।
রুদ্ধ কক্ষে দূরে আছি আমি--
এ বৎসরে বৃথা হল পলাশবনের নিমন্ত্রণ।
মনে করি,গান গাই বসন্তবাহারে।
আসন্ন বিরহস্বপ্ন ঘনাইয়া নেমে আসে মনে।
জানি জন্মদিন
এক অবিচিত্র দিনে ঠেকিবে এখনি,
মিলে যাবে অচিহ্নিত কালের পর্যায়ে।
পুষ্পবীথিকার ছায়া এ বিষাদে করে না করুণ,
বাজে না স্মৃতির ব্যথা অরণ্যের মর্মরে গুঞ্জনে
নির্মম আনন্দ এই উৎসবের বাজাইবে বাঁশি
বিচ্ছেদের বেদনারে পথপার্শ্বে ঠেলিয়া ফেলিয়া।
আরো দেখুন
ভাঙন
Verses
কোন্‌ ভাঙনের পথে এলে
          আমার সুপ্ত রাতে।
ভাঙল যা তাই ধন্য হল
          নিঠুর চরণ-পাতে।
রাখব গেঁথে তারে
          কমলমণির হারে,
দুলবে বুকে গোপন বেদনাতে।
সেতারখানি নিয়েছিলে
          অনেক যতনভরে--
তার যবে তার ছিন্ন হল
          ফেললে ভূমি-'পরে।
নীরব তাহার গান
          রইল তোমার দান--
ফাগুন-হাওয়ার মর্মে বাজে
          গোপন মত্ততাতে।
আরো দেখুন