বিচ্ছেদের শান্তি (bichchheder shasti)

সেই ভালো, তবে তুমি যাও।

          তবে আর কেন মিছে করুণনয়নে

             আমার মুখের পানে চাও?

      এ চোখে ভাসিছে জল,  এ শুধু মায়ার ছল,

              কেন কাঁদি তাও নাহি জানি।

      নীরব আঁধার রাতি,   তারকার ম্লান ভাতি

             মোহ আনে বিদায়ের বাণী।

      নিশিশেষে দিবালোকে    এ জল রবে না চোখে,

                শান্ত হবে অধীর হৃদয়--

      জাগ্রত জগৎ-মাঝে   ধাইব আপন কাজে,

                 কাঁদিবার রবে না সময়।

      দেখেছি অনেক দিন   বন্ধন হয়েছে ক্ষীণ

           ছেঁড় নাই করুণার বশে।

      গানে লাগিত না সুর,   কাছে থেকে ছিলে দূর,

           যাও নাই কেবল আলসে।

      পরান ধরিয়া তবু   পারিতাম না তো কভু

           তোমা ছেড়ে করিতে গমন।

      প্রাণপণে কাছে থাকি    দেখিতাম মেলি আঁখি

           পলে পলে প্রেমের মরণ।

      তুমি তো আপনা হতে    এসেছ বিদায় ল'তে--

           সেই ভালো, তবে তুমি যাও।

      যে প্রেমেতে এত ভয়    এত দুঃখ লেগে রয়

           সে বন্ধন তুমি ছিঁড়ে দাও।

      আমি রহি এক ধারে,    তুমি যাও পরপারে,

                মাঝখানে বহুক বিস্মৃতি--

    একেবারে ভুলে যেয়ো,   শত গুণে ভালো সেও,

                ভালো নয় প্রেমের বিকৃতি।

      কে বলে যায় না ভোলা!    মরণের দ্বার খোলা,

                সকলেরই আছে সমাপন।

      নিবে যায় দাবানল,    শুকায় সমুদ্রজল,

                থেমে যায় ঝটিকার রণ।

      থাকে শুধু মহা শান্তি,   মৃত্যুর শ্যামল কান্তি,

                জীবনের অনন্ত নির্ঝর--

      শত সুখ দুঃখ দ'লে    কালচক্র যায় চলে,

                রেখা পড়ে যুগ-যুগান্তর।

      যেখানে যে এসে পড়ে,    আপনার কাজ করে,

                সহস্র জীবন-মাঝে মিশে,

      কত যায় কত থাকে,    কত ভোলে কত রাখে,

                চলে যায় বিষাদে হরিষে।

      তুমি আমি যাব দূরে--      তবুও জগৎ ঘুরে,

                চন্দ্র সূর্য জাগে অবিরল,

      থাকে সুখ দুঃখ লাজ,   থাকে শত শত কাজ,

                এ জীবন হয় না নিষ্ফল।

      মিছে কেন কাটে কাল,    ছিঁড়ে দাও স্বপ্নজাল,

                চেতনার বেদনা জাগাও--

      নূতন আশ্রয়-ঠাঁই,    দেখি পাই কি না পাই--

                সেই ভালো তবে তুমি যাও।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

237
Verses
সব-কিছু জড়ো ক'রে
        সব নাহি পাই।
যারই মাঝে সত্য আছে
        সব যে সেথাই।
আরো দেখুন
কুঁজো তিনকড়ি ঘোরে
Verses
কুঁজো তিনকড়ি ঘোরে
     পাড়া চারিদিককার,
সন্ধ্যায় ঘরে ফেরে
     নিয়ে ঝুলি ভিক্ষার।
   বলে সিধু গড়গড়ি
   রাগে দাঁত কড়মড়ি,
'ভিখ্‌ মেগে ফের', মনে
     হয় না কি ধিক্কার?'
ঝুলি নিজে কেড়ে বলে,
     'মাহিনা এ শিক্ষার।'
আরো দেখুন
আট
Verses
আমাকে এনে দিল এই বুনো চারাগাছটি ।
                   পাতার রঙ হলদে-সবুজ,
            ফুলগুলি যেন আলো পান করবার
শিল্প-করা পেয়ালা,বেগুনি রঙের
                   প্রশ্ন করি "নাম কী',
                   জবাব নেই কোনোখানে ।
ও আছে বিশ্বের অসীম অপরিচিতের মহলে
          যেখানে আছে আকাশের নামহারা তারা ।
         আমি ওকে ধরে এনেছি একটি ডাক-নামে
                  আমার একলা জানার নিভৃতে ।
                      ওর নাম পেয়ালী ।
বাগানের নিমন্ত্রণে এসেছে ডালিয়া, এসেছে ফুশিয়া,
                   এসেছে ম্যারিগোল্ড্‌,
ও আছে অনাদরের অচিহ্নিত স্বাধীনতায়,
                     জাতে বাঁধা পড়ে নি;
                     ও বাউল,ও অসামাজিক ।
দেখতে দেখেতে ওই খসে পড়ল ফুল ।
            যে শব্দটুকু হল বাতাসে
                          কানে  এল না ।
ওর কুষ্ঠির রাশিচক্র যে নিমেষগুলির সমবায়ে
                    অণুপরিমাণ তার অঙ্ক,
ওর বুকের গভীরে যে মধু আছে
                    কণাপরিমাণ  তার বিন্দু ।
একটুকু কালের মধ্যে সম্পূর্ণ ওর যাত্রা,
           একটি কল্পে যেমন সম্পূর্ণ
              আগুনের-পাপড়ি-মেলা সূর্যের বিকাশ ।
ওর ইতিহাসটুকু অতি ছোটো পাতার কোণে
         বিশ্বলিপিকারের অতি ছোটো কলমে লেখা ।
তবু তারই সঙ্গে সঙ্গে উদ্‌ঘাটিত হচ্ছে বৃহৎ ইতিহাস,
            দৃষ্টি চলে না এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় ।
                       শতাব্দীর যে নিরন্তর স্রোত বয়ে চলেছে
            বিলম্বিত তালের  তরঙ্গের মতো,
                   যে ধারায় উঠল নামল কত শৈলশ্রেণী,
             সাগরে মরুতে কত হল বেশপরিবর্তন,
সেই নিরবধি কালেরই দীর্ঘ প্রবাহে এগিয়ে এসেছে
          এই ছোটো ফুলটির  আদিম সংকল্প
                    সৃষ্টির ঘাতপ্রতিঘাতে ।
   লক্ষ লক্ষ বৎসর  এই ফুলের ফোটা-ঝরার পথে
          সেই পুরাতনসংকল্প রয়েছে নুতন,রয়েছে সজীবসচল
                       ওর শেষ সমাপ্ত ছবি আজও দেয় নি দেখা ।
   এই দেহহীন সংকল্প,সেই রেখাহীন ছবি
                   নিত্য হয়ে আছে কোন্‌অদৃশ্যেরধ্যানে!
                             যে অদৃশ্যের অন্তহীন কল্পনায় আমি আছি,
                                  যে অদৃশ্যে বিধৃত সকল মানুষের ইতিহাস
                                                 অতীতে ভবিষ্যতে ।
আরো দেখুন