তুমি এ মনের সৃষ্টি, তাই মনোমাঝে এমন সহজে তব প্রতিমা বিরাজে। যখন তোমারে হেরি জগতের তীরে মনে হয় মন হতে এসেছ বাহিরে। যখন তোমারে দেখি মনোমাঝখানে মনে হয় জন্ম-জন্ম আছ এ পরানে। মানসীরূপিণী তুমি, তাই দিশে দিশে সকল সৌন্দর্যসাথে যাও মিলে মিশে। চন্দ্রে তব মুখশোভা, মুখে চন্দ্রোদয়, নিখিলের সাথে তব নিত্য বিনিময়। মনের অনন্ত তৃষ্ণা মরে বিশ্ব ঘুরি, মিশায় তোমার সাথে নিখিল মাধুরী। তার পরে মনগড়া দেবতারে মন ইহকাল পরকাল করে সমর্পণ।
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি, আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী। কুঁড়ির মতো ফেটে গিয়ে ফুলের মতো উঠল কেঁদে সুধাকোষের সুগন্ধ তার পারলে না আর রাখতে বেঁধে। ওরে মন, খুলে দে মন, যা আছে তোর খুলে দে-- অন্তরে যা ডুবে আছে আলোক-পানে তুলে দে। আনন্দে সব বাধা টুটে সবার সাথে ওঠ্ রে ফুটে, চোখের 'পরে আলসভরে রাখিস নে আর আঁচল টানি। আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি।