বিরহ (biraho)

     আমি     নিশি নিশি কত রচিব শয়ন

                   আকুলনয়ন রে!

     কত      নিতি নিতি বনে করিব যতনে

                   কুসুমচয়ন রে!

     কত      শারদ যামিনী হইবে বিফল,

                   বসন্ত যাবে চলিয়া!

     কত      উদিবে তপন আশার স্বপন,

                   প্রভাতে যাইবে ছলিয়া!

     এই      যৌবন কত রাখিব বাঁধিয়া,

                   মরিব কাঁদিয়া রে!

     সেই     চরণ পাইলে মরণ মাগিব

                   সাধিয়া সাধিয়া রে।

 

     আমি     কার পথ চাহি এ জনম বাহি,

                   কার দরশন যাচি রে!

     যেন     আসিবে বলিয়া কে গেছে চলিয়া,

                   তাই আমি বসে আছি রে।

     তাই     মালাটি  গাঁথিয়া পরেছি মাথায়

                   নীলবাসে তনু ঢাকিয়া,

     তাই     বিজন আলয়ে প্রদীপ জ্বালায়ে

                   একেলা রয়েছি জাগিয়া।

     ওগো    তাই কত নিশি চাঁদ ওঠে হাসি,

                   তাই কেঁদে যায় প্রভাতে।

     ওগো    তাই ফুলবনে মধু সমীরণে

                   ফুটে ফুল কত শোভাতে!

 

     ওই      বাঁশিস্বর তার আসে বার বার,

                   সেই  শুধু কেন আসে না!

     এই      হৃদয়-আসন শূন্য যে থাকে,

                   কেঁদে মরে শুধু বাসনা।

     মিছে    পরশিয়া কায় বায়ু বহে যায়,

                   বহে যমুনার লহরী,

     কেন     কুহু কুহু পিক কুহরিয়া ওঠে--

                   যামিনী যে ওঠে শিহরি।

     ওগো    যদি নিশিশেষে আসে হেসে হেসে

                   মোর হাসি আর রবে কি!

     এই      জাগরণে ক্ষীণ বদন মলিন

                   আমারে হেরিয়া কবে কী!

     আমি     সারা রজনীর গাঁথা ফুলমালা

                   প্রভাতে চরণে ঝরিব,

     ওগো    আছে সুশীতল যমুনার জল--

                   দেখে তারে আমি মরিব।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

57
Verses
যদি       জানতেম আমার কিসের ব্যথা
                     তোমায় জানাতাম।
            কে যে আমায় কাঁদায়, আমি
                     কী জানি তার নাম।
            কোথায় যে হাত বাড়াই মিছে,
            ফিরি আমি কাহার পিছে,
            সব যেন মোর বিকিয়েছে
                     পাই নি তাহার দাম।
            এই বেদনার ধন সে কোথায়
                     ভাবি জনম ধ'রে।
            ভুবন ভ'রে আছে যেন
                     পাই নে জীবন ভ'রে।
            সুখ যারে কয় সকল জনে
             বাজাই তারে ক্ষণে ক্ষণে,
            গভীর সুরে "চাই নে,চাই নে'
                     বাজে অবিশ্রাম।
আরো দেখুন
85
Verses
THE CLUMSINESS of power spoils the key,
and uses the pickaxe.
আরো দেখুন
মা-লক্ষ্মী
Verses
কার পানে মা, চেয়ে আছ
      মেলি দুটি করুণ আঁখি।
কে ছিঁড়েছে ফুলের পাতা,
      কে ধরেছে বনের পাখি।
কে কারে কী বলেছে গো,
      কার প্রাণে বেজেছে ব্যথা--
করুণায় যে ভরে এল
      দুখানি তোর আঁখির পাতা।
খেলতে খেলতে মায়ের আমার
      আর বুঝি হল না খেলা।
ফুলের গুচ্ছ কোলে প'ড়ে--
      কেন মা এ হেলাফেলা।
অনেক দুঃখ আছে হেথায়,
      এ জগৎ যে দুঃখে ভরা--
তোমার দুটি আঁখির সুধায়
      জুড়িয়ে গেল নিখিল ধরা।
লক্ষ্মী আমায় বল্‌ দেখি মা,
      লুকিয়ে ছিলি কোন্‌ সাগরে।
সহসা আজ কাহার পুণ্যে
       উদয় হলি মোদের ঘরে।
সঙ্গে করে নিয়ে এলি
      হৃদয়-ভরা স্নেহের সুধা,
হৃদয় ঢেলে মিটিয়ে যাবি
      এ জগতের প্রেমের ক্ষুধা।
থামো, থামো, ওর কাছেতে
      ক'য়ো না কেউ কঠোর কথা,
করুণ আঁখির বালাই নিয়ে
      কেউ কারে দিয়ো না ব্যথা।
সইতে যদি না পারে ও,
      কেঁদে যদি চলে যায়--
এ-ধরণীর পাষাণ-প্রাণে
      ফুলের মতো ঝরে যায়।
ও যে আমার শিশিরকণা,
      ও যে আমার সাঁঝের তারা--
কবে এল কবে যাবে
      এই ভয়তে হই রে সারা।
আরো দেখুন