রাত্রি (ratri)

মোরে করো সভাকবি ধ্যানমৌন তোমার সভায়

           হে শর্বরী, হে অবগুণ্ঠিতা!

তোমার আকাশ জুড়ি যুগে যুগে জপিছে যাহারা

          বিরচিত তাহাদের গীতা।

তোমার তিমিরতলে যে বিপুল নিঃশব্দ উদ্‌যোগ

          ভ্রমিতেছে জগতে জগতে

আমারে তুলিয়া লও সেই তার ধ্বজচক্রহীন

          নীরবঘর্ঘর মহারথে।

 

তুমি একেশ্বরী রানী বিশ্বের অন্তর-অন্তঃপুরে

          সুগম্ভীরা হে শ্যামাসুন্দরী,

দিবসের ক্ষয়হীন বিরাট ভাণ্ডারে প্রবেশিয়া

          নীরবে রাখিছ ভাণ্ড ভরি।

নক্ষত্র-রতন-দীপ্ত নীলাকান্ত সুপ্তিসিংহাসনে

          তোমার মহান্‌ জাগরণ।

আমারে জাগায়ে রাখো সে নিস্তব্ধ জাগরণতলে

          নির্নিমেষ পূর্ণ সচেতন।

 

কত নিদ্রাহীন চক্ষু যুগে যুগে তোমার আঁধারে

          খুঁজেছিল প্রশ্নের উত্তর।

তোমার নির্বাক মুখে একদৃষ্টে চেয়েছিল বসি

          কত ভক্ত জুড়ি দুই কর।

দিবস মুদিলে চক্ষু, ধীরপদে কৌতূহলীদল

          অঙ্গনে পশিয়া সাবধানে

তব দীপহীন কক্ষে সুখদুঃখ জন্মমরণের

          ফিরিয়াছে গোপন সন্ধানে।

 

স্তম্ভিত তমিস্রপুঞ্জ কম্পিত করিয়া অকস্মাৎ

          অর্ধরাত্রে উঠেছে উচ্ছ্বাসি

সদ্যস্ফুট ব্রহ্মমন্ত্র আন্দোলিত ঋষিকণ্ঠ হতে

          আন্দোলিয়া ঘন তন্দ্রারাশি।

পীড়িত ভুবন লাগি মহাযোগী করুণাকাতর,

          চকিতে বিদ্যুৎরেখাবৎ

তোমার নিখিললুপ্ত অন্ধকারে দাঁড়ায়ে একাকী

          দেখেছে বিশ্বের মুক্তিপথ।

 

জগতের সে-সব যামিনীর জাগরূকদল

          সঙ্গীহীন তব সভাসদ্‌

কে কোথা বসিয়া আছে আজি রাত্রে ধরণীর মাঝে,

          গনিতেছে গোপন সম্পদ--

কেহ কারে নাহি জানে, আপনার স্বতন্ত্র আসনে

          আসীন স্বাধীন স্তব্ধচ্ছবি--

হে শর্বরী, সেই তব বাক্যহীন জাগ্রত সভায়

          মোরে করি দাও সভাকবি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

100
Verses
I DIVE DOWN into the depth of the ocean of forms, hoping to gain the perfect pearl of the formless.
No more sailing from harbour to harbour with this my weather-beaten boat. The days are long passed when my sport was to be tossed on waves.
And now I am eager to die into the deathless.
Into the audience hall by the fathomless abyss where swells up the music of toneless strings I shall take this harp of my life.
I shall tune it to the notes of for ever, and, when it has sobbed out its last utterance, lay down my silent harp at the feet of the silent.
আরো দেখুন
বাধা
Verses
পূর্ণ করি নারী তার জীবনের থালি
          প্রিয়ের চরণে প্রেম নিঃশেষিয়া দিতে গেল ঢালি,
                             ব্যর্থ হল পথ-খোঁজা--
          কহিল, "হে ভগবান, নিষ্ঠুর যে এ অর্ঘ্যের বোঝা;
                   আমার দিবস রাত্রি অসহ্য পেষণে
          একান্ত পীড়িত আর্ত; তাই সান্ত্বনার অন্বেষণে
এসেছি তোমার দ্বারে--এ প্রেম তুমিই লও প্রভু!'
          "লও লও' বারবার ডেকে বলে, তবু
                   দিতে পারে না যে তাকে
          কৃপণের ধন-সম শিরা আঁকড়িয়া থাকে।
যেমন তুষাররাশি গিরিশিরে লগ্ন রহে,
          কিছুতে স্রোত না বহে,
                   আপন নিষ্ফল কঠিনতা
                             দেয় তারে ব্যথা,
                   তেমনি সে নারী
          নিশ্চল-হৃদয়ভারে-ভারী
কেঁদে বলে, "কী ধনে আমার প্রেম দামি
     সে যদি না বুঝেছিল, তুমি অন্তর্যামী,
          তুমিও কি এরে চিনিবে না?
                   মানবজন্মের সব দেনা
শোধ করি লও, প্রভু, আমার সর্বস্ব রত্ন নিয়ে।
     তুমি যে প্রেমের লোভী মিথ্যা কথা কি এ!'
          "লও লও' যত বলে খোলে না যে তার
                   হৃদয়ের দ্বার।
          সারাদিন মন্দিরা বাজায়ে করে গান,
                   "লও তুমি লও ভগবান!'
আরো দেখুন
106
Verses
এরে      ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে?
                হাসিতে আকাশ ভরিলে।
  পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়,
  ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়,
  কতবার তুমি পথে এসে হায়
                 ভিক্ষার ধন হরিলে।
  ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে।
                  কাঙাল মরণে জীবনে।
  ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে
  দিনশেষে এল তোমার আলয়ে,
  আধেক আসনে তারে ডেকে লয়ে
                   নিজ মালা দিয়ে বরিলে।
আরো দেখুন