প্রকাশ (prokash)

হাজার হাজার বছর কেটেছে, কেহ তো কহে নি কথা--

ভ্রমর ফিরেছে মাধবীকুঞ্জে, তরুরে ঘিরেছে লতা,

চাঁদেরে  চাহিয়া চকোরী উড়েছে, তড়িৎ খেলেছে মেঘে,

সাগর কোথায় খুঁজিয়া খুঁজিয়া তটিনী ছুটেছে বেগে,

ভোরের গগনে অরুণ উঠিতে কমল মেলেছে আঁখি,

নবীন আষাঢ় যেমনি এসেছে চাতক উঠেছে ডাকি!

এত যে গোপন মনের মিলন ভুবনে ভুবনে আছে,

সে কথা কেমনে হইল প্রকাশ প্রথম কাহার কাছে!

 

না জানি সে কবি জগতের  কোণে কোথা ছিল দিবানিশি,

লতাপাতা চাঁদ মেঘের সহিতে এক হয়ে ছিল মিশি!

ফুলের মতন ছিল সে মৌন মনের আড়ালে ঢাকা,

চাঁদের মতন চাহিতে জানিত নয়ন স্বপনমাখা,

বায়ুর মতন পারিত ফিরিতে অলক্ষ্য মনোরথে

ভাবনা-সাধনা-বেদনা-বিহীন বিফল ভ্রমণপথে--

মেঘের মতন আপনার  মাঝে ঘনায়ে আপন ছায়া

একা বসি কোণে জানিত রচিতে ঘনগম্ভীর মায়া।

 

দ্যুলোকে-ভূলোকে ভাবে নাই কেহ আছে সে কিসের খোঁজে,

হেন সংশয় ছিল না কাহারো সে যে কোনো কথা বোঝে।

বিশ্বপ্রকৃতি তার কাছে তাই ছিল নাকো সাবধানে,

ঘন ঘন তার ঘোমটা খসিত ভাবে ইঙ্গিতে গানে।

বাসরঘরের বাতায়ন যদি খুলিয়া যাইত কভু

দ্বারপাশে তারে বসিতে দেখিয়া রুধিয়া দিত না তবু।

যদি সে নিভৃত শয়নের পানে চাহিত নয়ন তুলি

শিয়রের দীপ নিবাইতে কেহ ছুঁড়িত না ফুলধূলি।

 

শশী যবে নিত নয়নে নয়নে কুমুদীর ভালোবাসা

এরে দেখি হেসে ভাবিত, এ লোক জানে না চোখের ভাষা।

নলিনী যখন খুলিত পরান চাহি তপনের পানে

ভাবিত এজন ফুলগন্ধের অর্থ কিছু না জানে।

তড়িৎ যখন চকিত নিমেষে পালাত চুমিয়া মেঘে

ভাবিত, এ খ্যাপা কেমনে বুঝিবে কী আছে অগ্নিবেগে!

সহকারশাখে কাঁপিতে কাঁপিতে ভাবিত মালতীলতা,

আমি জানি আর তরু জানে শুধু কলমর্মরকথা।

 

একদা ফাগুনে সন্ধ্যাসময়ে সূর্য নিতেছে ছুটি,

পূর্ব গগনে পূর্ণিমা চাঁদ করিতেছে উঠি-উঠি,

কোনো পুরনারী তরু-আলবালে জল সেচিবার ভানে

ছল করে শাখে আঁচল বাধায়ে ফিরে চায় পিছুপানে,

কোনো সাহসিকা দুলিছে দোলায় হাসির বিজুলি হানি--

না চাহে নামিতে, না চাহে থামিতে, না মানে বিনয়বাণী,

কোনো মায়াবিনী মৃগশিশুটিরে তৃণ দেয় একমনে--

পাশে কে দাঁড়ায়ে চিনেও তাহারে চাহে না চোখের কোণে।

 

হেনকালে কবি গাহিয়া উঠিল, "নরনারী, শুন সবে,

কত কাল ধরে কী যে রহস্য ঘটিছে নিখিল ভবে!

এ কথা কে কবে স্বপনে জানিত, আকাশের চাঁদ চাহি

পাণ্ডুকপোল কুমুদীর চোখে সারা রাত নিদ নাহি।

উদয়-অচলে অরুণ উঠিলে কমল ফুটে যে জলে

এত কাল ধরে তাহার তত্ত্ব ছাপা ছিল কোন্‌ ছলে!

এত যে মন্ত্র পড়িল ভ্রমর নবমালতীর কানে

বড়ো বড়ো যত পণ্ডিতজনা বুঝিল না তার মানে!'

 

শুনিয়া তপন অস্তে নামিল শরমে গগন ভরি,

শুনিয়া চন্দ্র থমকি রহিল বনের আড়াল ধরি!

শুনে সরোবরে তখনি পদ্ম নয়ন মুদিল ত্বরা,

দখিন-বাতাস বলে গেল তারে--সকলি পড়েছে ধরা!

শুনে "ছিছি' ব'লে শাখা নাড়ি নাড়ি শিহরি উঠিল লতা,

ভাবিল মুখর এখনি না জানি আরো কী রটাবে কথা!

ভ্রমর কহিল যূথীর সভায়, যে ছিল বোবার মতো

পরের কুৎসা রটাবার বেলা তারো মুখ ফোটে কত!

 

শুনিয়া তখনি করতালি দিয়ে হেসে উঠে নরনারী--

যে যাহারে চায় ধরিয়া তাহায় দাঁড়াইল সারি সারি।

"হয়েছে প্রমাণ' "হয়েছে প্রমাণ' হাসিয়া সবাই কহে--

"যে কথা রটেছে একটি বর্ণ বানানো কাহারো নহে।'

বাহুতে বাহুতে বাঁধিয়া কহিল নয়নে নয়নে চাহি,

"আকাশে পাতালে মরতে আজি তো গোপন কিছুই নাহি।'

কহিল হাসিয়া মালা হাতে লয়ে পাশাপাশি কাছাকাছি,

"ত্রিভুবন যদি ধরা পড়ি গেল তুমি আমি কোথা আছি!'

 

হায় কবি হায়, সে হতে প্রকৃতি হয়ে গেছে সাবধানী--

মাথাটি ঘেরিয়া বুকের উপরে আঁচল দিয়েছে টানি।

যত ছলে আজ যত ঘুরে মরি জগতের পিছু পিছু

কোনোদিন কোনো গোপন খবর নূতন মেলে না কিছু।

শুধু গুঞ্জনে কূজনে গন্ধে সন্দেহ হয় মনে

লুকানো কথার হাওয়া বহে যেন বন হতে উপবনে;

মনে হয় যেন আলোতে ছায়াতে রয়েছে কী ভাব ভরা--

হায় কবি, হায়, হাতে হাতে আর কিছুই পড়ে না ধরা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

253
Verses
হিমাদ্রির ধ্যানে যাহা
      স্তব্ধ হয়ে ছিল রাত্রিদিন,
সপ্তর্ষির দৃষ্টিতলে
      বাক্যহীন শুভ্রতায় লীন,
সে তুষারনির্ঝরিণী
      রবিকরস্পর্শে উচ্ছ্বসিতা
দিগ্‌দিগন্তে প্রচারিছে
      অন্তহীন আনন্দের গীতা।
আরো দেখুন
প্রার্থনা
Verses
কামনায় কামনায় দেশে দেশে যুগে যুগান্তরে
নিরন্তর নিদারুণ দ্বন্দ্ব যবে দেখি ঘরে ঘরে
প্রহরে প্রহরে; দেখি অন্ধ মোহ দুরন্ত প্রয়াসে
বুভুক্ষার বহ্নি দিয়ে ভস্মীভূত করে অনায়াসে
নিঃসহায় দুর্ভাগার সকরুণ সকল প্রত্যাশা,
জীবনের সকল সম্বল; দুঃখীর আশ্রয়বাসা
নিশ্চিন্তে ভাঙিয়া আনে দুর্দাম দুরাশাহোমানলে
আহুতি-ইন্ধন জোগাইতে; নিঃসংকোচে গর্বে বলে,
আত্মতৃপ্তি ধর্ম হতে বড়ো; দেখি আত্মম্ভরী প্রাণ
তুচ্ছ করিবারে পারে মানুষের গভীর সম্মান
গৌরবের মৃগতৃষ্ণিকায়; সিদ্ধির স্পর্ধার তরে
দীনের সর্বস্ব সার্থকতা দলি দেয় ধূলি-'পরে
জয়যাত্রাপথে; দেখি ধিক্কারে ভরিয়া উঠে মন,
আত্মজাতি-মাংসলুব্ধ মানুষের প্রাণনিকেতন
উন্মীলিছে নখে দন্তে হিংস্র বিভীষিকা; চিত্ত মম
নিষ্কৃতিসন্ধানে ফিরে পিঞ্জরিত বিহঙ্গমসম,
মুহূর্তে মুহূর্তে বাজে শৃঙ্খলবন্ধন-অপমান
সংসারের। হেনকালে জ্বলি উঠে বজ্রাগ্নি-সমান
চিত্তে তাঁর দিব্যমূর্তি, সেই বীর রাজার কুমার
বাসনারে বলি দিয়া বিসর্জিয়া সর্ব আপনার
বর্তমানকাল হতে নিষ্ক্রমিলা নিত্যকাল-মাঝে
অনন্ত তপস্যা বহি মানুষের উদ্ধারের কাজে
অহমিকা-বন্দীশালা হতে। - ভগবান বুদ্ধ তুমি,
নির্দয় এ লোকালয়, এ ক্ষেত্রই তব জন্মভূমি।
ভরসা হারাল যারা, যাহাদের ভেঙেছে বিশ্বাস,
তোমারি করুণাবিত্তে ভরুক তাদের সর্বনাশ, --
আপনারে ভুলে তারা ভুলুক দুর্গতি। - আর যারা
ক্ষীণের নির্ভর ধ্বংস করে, রচে দুর্ভাগ্যের কারা
দুর্বলের মুক্তি রুধি, বোসো তাহাদেরি দুর্গদ্বারে
তপের আসন পাতি; প্রমাদবিহ্বল অহংকারে
পড়ুক সত্যের দৃষ্টি; তাদের নিঃসীম অসম্মান
তব পুণ্য আলোকেতে লভুক নিঃশেষ অবসান।
তব পুণ্যে আলোকেতে লভুক নি:শেষ অবসান।
আরো দেখুন
15
Verses
  আঁধারে ডুবিয়া ছিল যে জগৎ
        আলোতে উঠিল ভেসে
  অনাদিকালের তীর্থসলিলে
        প্রাতঃস্নানের বেশে।
আরো দেখুন