ত্যাগ (tyag)

ওগো মা,

           রাজার দুলাল গেল চলি মোর

                   ঘরের সমুখপথে,

           প্রভাতের আলো ঝলিল তাহার

                   স্বর্ণশিখর রথে।

           ঘোমটা খসায়ে বাতায়নে থেকে

           নিমেষের লাগি নিয়েছি মা দেখে,

           ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার

                  পথের ধুলার 'পরে।

 

        মা গো,      কী হল তোমার, অবাক নয়নে

                         চাহিস কিসের তরে!

        মোর      হার-ছেঁড়া মণি নেয় নি কুড়ায়ে,

                   রথের চাকায় গেছে সে গুঁড়ায়ে

                   চাকার চিহ্ন ঘরের সমুখে

                   পড়ে আছে শুধু আঁকা।

        আমি     কী দিলেম কারে জানে না সে কেউ--

                         ধুলায় রহিল ঢাকা।

 

        তবু           রাজার দুলাল গেল চলি মোর

                         ঘরের সমুখপথে--

        মোর      বক্ষের মণি না ফেলিয়া দিয়া

                         রহিব বলো কী মতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

114
Verses
THE DEW-DROP knows the sun
only within its own tiny orb.
আরো দেখুন
আকুল আহ্বান
Verses
সন্ধে হল, গৃহ অন্ধকার --
    মা গো, হেথায় প্রদীপ জ্বলে না।
একে একে সবাই ঘরে এল,
    আমায় যে মা, "মা' কেউ বলে না।
সময় হল, বেঁধে দেব চুল,
    পরিয়ে দেব রাঙা কাপড়খানি।
সাঁঝের তারা সাঁঝের গগনে --
    কোথায় গেল রানী আমার রানী।
রাত্রি হল, আঁধার করে আসে,
    ঘরে ঘরে প্রদীপ নিবে যায়।
আমার ঘরে ঘুম নেইকো শুধু --
    শূন্য শেজ শূন্য-পানে চায়।
কোথায় দুটি নয়ন ঘুমে-ভরা,
    নেতিয়ে-পড়া ঘুমিয়ে-পড়া মেয়ে।
শ্রান্ত দেহ ঢুলে পড়ে, তবু
    মায়ের তরে আছে বুঝি চেয়ে।
আঁধার রাতে চলে গেলি তুই,
    আঁধার রাতে চুপি চুপি আয়।
কেউ তো তোরে দেখতে পাবে না,
    তারা শুধু তারার পানে চায়।
এ জগৎ কঠিন -- কঠিন --
    কঠিন, শুধু মায়ের প্রাণ ছাড়া--
সেইখানে তুই আয় মা, ফিরে আয়--
    এত ডাকি, দিবি নে কি সাড়া।
ফুলের দিনে সে যে চলে গেল,
      ফুল-ফোটা সে দেখে গেল না,
ফুলে ফুলে ভরে গেল বন
      একটি সে তো পরতে পেল না।
ফুল সে ফোটে ফুল যে ঝরে যায়--
      ফুল নিয়ে যে আর-সকলে পরে,
ফিরে এসে সে যদি দাঁড়ায়,
      একটিও যে রইবে না তার তরে।
খেলত যারা তারা খেলতে গেছে,
      হাসত যারা তারা আজো হাসে,
তার তরে তো কেহই বসে নেই,
      মা যে কেবল রয়েছে তার আশে।
হায় রে বিধি, সব কি ব্যর্থ হবে--
      ব্যর্থ হবে মায়ের ভালোবাসা।
কত জনের কত আশা পূরে,
      ব্যর্থ হবে মার প্রাণেরই আশা।
আরো দেখুন
25
Verses
আবার আমার হাতে বীণা দাও তুলি,
আবার আসুক ফিরে হারা গানগুলি।
সহসা কঠিন শীতে মানসের জলে
পদ্মবন মরে যায়, হংস দলে দলে
সারি বেঁধে উড়ে যায় সুদূর দক্ষিণে
জনহীন কাশফুল্ল নদীর পুলিনে;
আবার বসন্তে তারা ফিরে আসে যথা
বহি লয়ে আনন্দের কলমুখরতা--
তেমনি আমার যত উড়ে-যাওয়া গান
আবার আসুক ফিরে, মৌন এ পরান
ভরি উতরোলে; তারা শুনাক এবার
সমুদ্রতীরের তান, অজ্ঞাত রাজার
অগম্য রাজ্যের যত অপরূপ কথা,
সীমাশূন্য নির্জনের অপূর্ব বারতা।
আরো দেখুন