ঝড় (jhor)

আকাশ ভেঙে বৃষ্টি পড়ে,

       ঝড় এল রে আজ--

মেঘের ডাকে ডাক মিলিয়ে

       বাজ্‌ রে মৃদঙ বাজ্‌।

আজকে তোরা কী গাবি গান

       কোন্‌ রাগিণীর সুরে।

কালো আকাশ নীল ছায়াতে

       দিল যে বুক পূরে।

 

বৃষ্টিধারায় ঝাপসা মাঠে

       ডাকছে ধেনুদল,

তালের তলে শিউরে উঠে

       বাঁধের কালো জল।

পোড়ো বাড়ির ভাঙা ভিতে

       ওঠে হাওয়ার হাঁক,

শূন্য খেতের ও পার যেন

       এ পারকে দেয় ডাক।

 

আমাকে আজ কে খুঁজেছে

       পথের থেকে চেয়ে।

জলের বিন্দু পড়ছে রে তার

       অলক বেয়ে বেয়ে।

মল্লারেতে মীড় মিলায়ে

       বাজে আমার প্রাণ,

দুয়ার হতে কে ফিরেছে

       না গেয়ে তার গান।

 

আয় গো তোরা ঘরেতে আয়,

       বোস্‌ গো তোরা কাছে।

আজ যে আমার সমস্ত মন

       আসন মেলে আছে।

জলে স্থলে শূন্যে হাওয়ায়

       ছুটেছে আজ কী ও।

ঝড়ের 'পরে পরান আমার

       উড়ায় উত্তরীয়।

 

আসবি তোরা কারা কারা

       বৃষ্টিধারার স্রোতে

কোন্‌ সে পাগল পারাবারের

       কোন্‌ পরপার হতে।

আসবি তোরা ভিজে বনের

       কান্না নিয়ে সাথে,

আসবি তোরা গন্ধরাজের

       গাঁথন নিয়ে হাতে।

 

ওরে, আজি বহু দূরের

       বহু দিনের পানে

পাঁজর টুটে বেদনা মোর

       ছুটেছে কোন্‌খানে--

ফুরিয়ে-যাওয়ার ছায়াবনে,

       ভুলে-যাওয়ার দেশে,

সকল-গড়া সকল-ভাঙা

       সকল গানের শেষে।

 

কাজল মেঘে ঘনিয়ে ওঠে

       সজল ব্যাকুলতা,

এলোমেলো হাওয়ায় ওড়ে

       এলোমেলো কথা।

দুলছে দূরে বনের শাখা,

       বৃষ্টি পড়ে বেগে,

মেঘের ডাকে কোন্‌ অশান্ত

       উঠিস জেগে জেগে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গায়ে আমার পুলক লাগে
Verses
       গায়ে আমার পুলক লাগে,
              চোখে ঘনায় ঘোর,
       হৃদয়ে মোর কে বেঁধেছে
              রাঙা রাখীর ডোর।
                           আজিকে এই আকাশতলে
                           জলে স্থলে ফুলে ফলে
                           কেমন করে মনোহরণ
                                  ছড়ালে মন মোর।
       কেমন খেলা হল আমার
              আজি তোমার সনে।
       পেয়েছি কি খুঁজে বেড়াই
              ভেবে না পাই মনে।
                           আনন্দ আজ কিসের ছলে
                           কাঁদিতে চায় নয়নজলে,
                           বিরহ আজ মধুর হয়ে
                                  করেছে প্রাণ ভোর।
আরো দেখুন
41
Verses
লেখন আমার ম্লান হয়ে আসে
                    অক্ষরে
এখন গোপনে ফুটিয়া উঠিছে,
                    অন্তরে।
অনাহত বাণী মনে তুলে নিয়ে
   রেখো তারে তব স্মরণে
স্থায়ী হয়ে যাবে যখন সে বাণী
   তরিয়া যাইবে মরণে।
আরো দেখুন
10
Verses
আমার এ জন্মদিন-মাঝে আমি হারা
আমি চাহি বন্ধুজন যারা
তাহাদের হাতের পরশে
মর্ত্যের অন্তিম প্রীতিরসে
নিয়ে যাব জীবনের চরম প্রসাদ,
নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ।
শূন্য ঝুলি আজিকে আমার;
দিয়েছি উজাড় করি
যাহা-কিছু আছিল দিবার,
প্রতিদানে যদি কিছু পাই
কিছু স্নেহ, কিছু ক্ষমা
তবে তাহা সঙ্গে নিয়ে যাই
পারের খেয়ায় যাব যবে
ভাষাহীন শেষের উৎসবে।
আরো দেখুন