ছেলেবেলাকার আহা, ঘুমঘোরে দেখেছিনু (chhelebelakar aha ghumghore)

ছেলেবেলাকার আহা, ঘুমঘোরে দেখেছিনু

       মূরতি দেবতাসম অপরূপ স্বজনি,

ভেবেছিনু মনে মনে, প্রণয়ের চন্দ্রলোকে

       খেলিব দুজনে মিলি দিবস ও রজনী,

আজ সখি একেবারে, ভেঙেছে সে ঘুমঘোর

       ভেঙেছে সাধের ভুল মাখানো যা মরমে,

দেবতা ভাবিনু যারে, তার কলঙ্কের কথা

       শুনিয়া মলিন মুখ ঢাকিয়াছি শরমে।

তাই ভাবিয়াছি সখি, এই হৃদয়ের পটে

       এঁকেছি যে ছবিখানি অতিশয় যতনে,

অশ্রুজলে অশ্রুজলে, মুছিয়া ফেলিব তাহা,

       আর না আনিব মনে, এই পোড়া জনমে।--

কিন্তু হায় -- বৃথা এ আশা, মরমের মরমে যা।

       আঁকিয়াছি সযতনে শোনিতের আখরে,

এ জনমে তাহা আর, মুছিবে না, মুছিবে না,

       আমরণ রবে তাহা হৃদয়ের ভিতরে!

আমরণ কেঁদে কেঁদে, কাটিয়া যাইবে দিন,

       নীরব আগুনে মন পুড়ে হবে ছাই লো!

মনের এ কথাগুলি গোপনে লুকায়ে রেখে

       কতদিন বেঁচে রব ভাবিতেছি তাই লো!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বন
Verses
শ্যামল সুন্দর সৌম্য, হে অরণ্যভূমি,
মানবের পুরাতন বাসগৃহ তুমি।
নিশ্চল নির্জীব নহ সৌধের মতন--
তোমার মুখশ্রীখানি নিত্যই নূতন
প্রাণে প্রেমে ভাবে অর্থে সজীব সচল।
তুমি দাও ছায়াখানি, দাও ফুল ফল,
দাও বস্ত্র, দাও শয্যা, দাও স্বাধীনতা;
নিশিদিন মর্মরিয়া কহ কত কথা
অজানা ভাষার মন্ত্র; বিচিত্র সংগীতে
গাও জাগরণগাথা; গভীর নিশীথে
পাতি দাও নিস্তব্ধতা অঞ্চলের মতো
জননীবক্ষের; বিচিত্র হিল্লোলে কত
খেলা কর শিশুসনে; বৃদ্ধের সহিত
কহ সনাতন বাণী বচন-অতীত।
আরো দেখুন
2
Verses
বহু জন্মদিনে গাঁথা আমার জীবনে
দেখিলাম আপনারে বিচিত্র রূপের সমাবেশে।
একদা নূতন বর্ষ অতলান্ত সমুদ্রের বুকে
মোরে এনেছিল বহি
তরঙ্গের বিপুল প্রলাপে
দিক হতে যেথা দিগন্তরে
শূন্য নীলিমার 'পরে শূন্য নীলিমায়
তটকে করিছে অস্বীকার।
সেদিন দেখিনু ছবি অবিচিত্র ধরণীর--
সৃষ্টির প্রথম রেখাপাতে
জলমগ্ন ভবিষ্যৎ যবে
প্রতিদিন সূর্যোদয়-পানে
আপনার খুঁজিছে সন্ধান।
প্রাণের রহস্য-ঢাকা
তরঙ্গের যবনিকা-'পরে
চেয়ে চেয়ে ভাবিলাম,
এখনো হয় নি খোলা আমার জীবন-আবরণ--
সম্পূর্ণ যে আমি
রয়েছে গোপনে অগোচর।
নব নব জন্মদিনে
যে রেখা পড়িছে আঁকা শিল্পীর তুলির টানে টানে
ফোটে নি তাহার মাঝে ছবির চরম পরিচয়।
শুধু করি অনুভব,
চারি দিকে অব্যক্তের বিরাট প্লাবন
বেষ্টন করিয়া আছে দিবসরাত্রিরে।
আরো দেখুন
বাদলসন্ধ্যা
Verses
  গান
      জানি জানি, তুমি এসেছ এ পথে
                মনের ভুলে।
      তাই হোক তবে, তাই হোক, দ্বার
                দিলেম খুলে।
      এসেছ তুমি তো বিনা আভরণে,
      মুখর নূপুর বাজে না চরণে,
      তাই হোক তবে, তাই হোক, এসো
                সহজ মনে।
      ওই তো মালতী ঝরে পড়ে যায়
                মোর আঙিনায়
      শিথিল কবরী সাজাতে তোমার
                লও-না তুলে।
      নাহয় সহসা এসেছ এ পথে
                মনের ভুলে।
      কোনো আয়োজন নাই একেবারে,
      সুর বাঁধা নাই এ বীণার তারে,
      তাই হোক তবে, এসো হৃদয়ের
                মৌনপারে।
      ঝর ঝর বারি ঝরে বনমাঝে,
      আমারি মনের সুর ওই বাজে,
      উতলা হাওয়ার তালে তালে মন
                উঠিছে দুলে।
      নাহয় সহসা এসেছ এ পথে
                মনের ভুলে।
আরো দেখুন