চিত্রা (chitra)

জগতের মাঝে কত বিচিত্র তুমি হে

   তুমি বিচিত্ররূপিণী।

অযুত আলোকে ঝলসিছ নীল গগনে,

আকুল পুলকে উলসিছ ফুলকাননে,

দ্যুলোকে ভূলোকে বিলসিছ চলচরণে,

   তুমি চঞ্চলগামিনী।

মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে,

অলকগন্ধ উড়িছে মন্দ বাতাসে,

মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে

   কত মঞ্জুল রাগিণী।

কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত

কত যে ছন্দে কত সংগীতে রটিত

কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত

   তব অসংখ্য কাহিনী।

জগতের মাঝে কত বিচিত্র তুমি হে

   তুমি বিচিত্ররূপিণী।

 

অন্তরমাঝে শুধু তুমি একা একাকী

   তুমি অন্তরব্যাপিনী।

একটি স্বপ্ন মুগ্ধ সজল নয়নে,

একটি পদ্ম হৃদয়বৃন্তশয়নে,

একটি চন্দ্র অসীম চিত্তগগনে--

   চারি দিকে চিরযামিনী।

অকূল শান্তি সেথায় বিপুল বিরতি,

একটি ভক্ত করিছে নিত্য আরতি,

নাহি কাল দেশ, তুমি অনিমেষ মুরতি--

   তুমি অচপলদামিনী।

ধীর গম্ভীর গভীর মৌনমহিমা,

স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ননীলিমা

স্থির হাসিখানি উষালোকসম অসীমা,

   অয়ি প্রশান্তহাসিনী।

অন্তরমাঝে তুমি শুধু একা একাকী

   তুমি অন্তরবাসিনী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

7
Verses
হে মহা ধীমান
    বিশ্বের অন্তরে
          তব স্থান।
    তব চিত্রপটে
    বিশ্বের প্রাণের
          কথা রটে।
আরো দেখুন
৯৬
Verses
৯৬
  শিশির রবিরে শুধু জানে
বিন্দুরূপে আপন বুকের মাঝখানে॥    
আরো দেখুন
যেথায় থাকে সবার অধম
Verses
       যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
              সেইখানে যে চরণ তোমার রাজে
                    সবার পিছে, সবার নীচে,
                           সব-হারাদের মাঝে।
              যখন তোমায় প্রণাম করি আমি,
              প্রণাম আমার কোন্‌খানে যায় থামি,
       তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
              সেথায় আমার প্রণাম নামে না যে
                    সবার পিছে, সবার নীচে,
                           সব-হারাদের মাঝে।
       অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফের,
              রিক্তভূষণ দীনদরিদ্র সাজে--
                      সবার পিছে, সবার নীচে,
                           সব-হারাদের মাঝে।
              ধনে মানে যেথায় আছে ভরি
              সেথায় তোমার সঙ্গ আশা করি--
       সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গিহীনের ঘরে
              সেথায় আমার হৃদয় নামে না যে
                    সবার পিছে, সবার নীচে,
                           সব-হারাদের মাঝে।
আরো দেখুন