বরবধূ (borbodhu)

এ-পারে চলে বর, বধূ সে পরপারে,

             সেতুটি বাঁধা তার মাঝে।

তাহারি 'পরে দান আসিছে ভারে ভারে,

         তাহারি 'পরে বাঁশি বাজে।

               যাত্রা দুজনার

               লক্ষ্য একই তার,

                    তবুও যত কাছে আসে

               সতত যেন থাকে

               বিরহ ফাঁকে ফাঁকে

                    তৃপ্তিহারা অবকাশে।

 

সে-ফাঁক গেলে ঘুচে থেমে যে যাবে গান,

         দৃষ্টি হবে বাধাময়,

যেথায় দূর নাহি সেথায় যত দান

         কাছেতে ছোটো হয়ে রয়।

               বিরহনদীজলে

               খেয়ার তরী চলে,

                    বায় সে মিলনেরই ঘাটে।

               হৃদয় বারবার

               করিবে পারাপার

                    মিলিতে উৎসবনাটে।

 

বেলা যে পড়ে এল, সূর্য নামে ধীরে,

         আলোক ম্লান হয়ে আসে।

ভাঙিয়া গেছে হাট, জনতাহীন তীরে

         নৌকা বাঁধা পাশে পাশে।

               এ-পারে বর চলে

               পুরানো বটতলে,

                   নদীটি বহি চলে মাঝে,

               বধূরে দেখা যায়

               মাঠের কিনারায়,

                  সেতুর 'পরে বাঁশি বাজে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

28
Verses
তুমি তবে এসো নাথ, বোসো শুভক্ষণে
দেহে মনে গাঁথা এই মহা সিংহাসনে।
মোর দু নয়নে ব্যাপ্ত এই নীলাম্বরে
কোনো শূন্য রাখিয়ো না আর-কারো তরে,
আমার সাগরে শৈলে কান্তারে কাননে,
আমার হৃদয়ে দেহে; সজনে নির্জনে।
জ্যোৎস্নাসুপ্ত নিশীথের নিস্তব্ধ প্রহরে
আনন্দে বিষাদে গাঁথা ছায়ালোক-'পরে
বোসো তুমি মাঝখানে। শান্তিরস দাও
আমার অশ্রুর জলে,শ্রীহস্ত বুলাও
সকল স্মৃতির 'পরে, প্রেয়সীর প্রেমে
মধুর মঙ্গলরূপে তুমি এসো নেমে।
সকল সংসারবন্ধে বন্ধনবিহীন
তোমার মহান মুক্তি থাক্‌ রাত্রিদিন।
আরো দেখুন
21
Verses
MAIDEN, THY beauty is like a fruit
which is yet to mature,
tense with an unyielding secret
আরো দেখুন
প্রভু তোমা লাগি আঁখি জাগে
Verses
       প্রভু  তোমা লাগি আঁখি জাগে;
                     দেখা নাই পাই,
                          পথ চাই,
            সেও মনে ভালো লাগে।
                     ধুলাতে বসিয়া দ্বারে
                     ভিখারি হৃদয় হা রে
                         তোমারি করুণা মাগে।
                           কৃপা নাই পাই,
                               শুধু চাই,
                         সেও মনে ভালো লাগে।
       আজি এ জগত-মাঝে
       কত সুখে কত কাজে
          চলে গেল সবে আগে।
             সাথি নাই পাই,
                তোমায় চাই,
       সেও মনে ভালো লাগে।
                     চারি দিকে সুধাভরা
                     ব্যাকুল শ্যামল ধরা
                        কাঁদায় রে অনুরাগে।
                             দেখা নাই নাই,
                                ব্যথা পাই,
                        সেও মনে ভালো লাগে।
আরো দেখুন