ভয় নেই রে তোদের নেই রে ভয়, যা চলে সব অভয়-মনে--আকাশে ওই উঠেছে শুকতারা। দখিন হাওয়ায় পাল তুলে দে, পাল তুলে দে-- সেই হাওয়াতে উড়ছে আমার মন। ওই শুকতারাতে রেখে দিলেন দৃষ্টি আমার-- ভয় কিছু নেই, ভয় কিছু নেই॥
অনেক দিয়েছ নাথ, আমায় অনেক দিয়েছ নাথ, আমার বাসনা তবু পুরিল না-- দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না, গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না ॥ দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন, সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী। এত যদি দিলে, সখা, আরো দিতে হবে হে-- তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না ॥