১০ (o katha bolo na)

ও কথা বোলো না তারে,         কভু সে কপট না রে--

          আমার কপাল-দোষে চপল সেজন।

অধীরহৃদয় বুঝি                    শান্তি নাহি পায় খুঁজি,

          সদাই মনের মতো করে অন্বেষণ।

          ভালো সে বাসিত যবে করে নি ছলনা।

মনে মনে জানিত সে               সত্য বুঝি ভালোবাসে--

          বুঝিতে পারেনি তাহা যৌবনকল্পনা।

          হরষে হাসিত যবে হেরিয়া আমায়,

সে হাসি কি সত্য নয়।             সে যদি কপট হয়

          তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।

ও কথা বোলো না তারে--       কভু সে কপট না রে,

          আমার কপাল-দোষে চপল সেজন।

প্রেমমরীচিকা হেরি                ধায় সত্য মনে করি,

          চিনিতে পারে নি সে যে আপনার মন॥

রাগ: ঝিঁঝিট

তাল: খাম্বাজ

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গোপন প্রাণে একলা
Songs
          গোপন প্রাণে একলা মানুষ যে
তারে   কাজের পাকে জড়িয়ে রাখিস নে॥
তার    একলা ঘরের ধেয়ান হতে   উঠুক-না গান নানা স্রোতে,
          তার    আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে॥
তোর   প্রাণের মাঝে একলা মানুষ যে
তারে   দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে।
কোন্‌   আরেক একা ওরে খোঁজে,   সেই তো ওরই দরদ বোঝে--
          যেন     পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে॥
আরো দেখুন
তোমার হাতের রাখীখানি
Songs
     তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে
     সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে ॥
তোমার আশিস আমার কাজে                সফল হবে বিশ্ব-মাঝে,
     জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে ॥
     কর্ম করি যে হাত লয়ে কর্মবাঁধন তারে বাঁধে।
     ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে।
তোমার রাখী বাঁধো আঁটি--                 সকল বাঁধন যাবে কাটি,
     কর্ম তখন বীণার মতন বাজবে মধুর মূর্ছনাতে ॥
আরো দেখুন
দেশ দেশ নন্দিত করি
Songs
          দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরী
          আসিল যত বীরবৃন্দ আসন তব ঘেরি।
          দিন আগত ওই,   ভারত তবু কই?
          সে কি রহিল লুপ্ত আজি সব-জন পশ্চাতে?
          লউক বিশ্বকর্মভার মিলি সবার সাথে।
প্রেরণ কর' ভৈরব তব দুর্জয় আহ্বান হে,   জাগ্রত ভগবান হে ॥
          বিঘ্নবিপদ দুঃখদহন তুচ্ছ করিল যারা
          মৃত্যুগহন পার হইল, টুটিল মোহকারা।
          দিন আগত ওই,   ভারত তবু কই?
          নিশ্চল নিবীর্যবাহু কর্মকীর্তিহীনে
          ব্যর্থশক্তি নিরানন্দ জীবনধনদীনে
প্রাণ দাও, প্রাণ দাও, দাও দাও প্রাণ হে,   জাগ্রত ভগবান হে ॥
          নূতনযুগসূর্য উঠিল, ছুটিল তিমিররাত্রি,
          তব মন্দির-অঙ্গন ভরি মিলিল সকল যাত্রী।
          দিন আগত ওই,   ভারত তবু কই?
          গতগৌরব, হৃত-আসন, নতমস্তক লাজে--
          গ্লানি তার মোচন কর' নরসমাজমাঝে।
স্থান দাও, স্থান দাও, দাও দাও স্থান হে,   জাগ্রত ভগবান হে ॥
          জনগণপথ তব জয়রথচক্রমুখর আজি,
          স্পন্দিত করি দিগ্‌দিগন্ত উঠিল শঙ্খ বাজি।
          দিন আগত ওই,   ভারত তবু কই?
          দৈন্যজীর্ণ কক্ষ তার, মলিন শীর্ণ আশা,
          ত্রাসরুদ্ধ চিত্ত তার, নাহি নাহি ভাষা।
কোটিমৌনকণ্ঠপূর্ণ বাণী কর' দান হে,   জাগ্রত ভগবান হে ॥
          যারা তব শক্তি লভিল নিজ অন্তরমাঝে
          বর্জিল ভয়, অর্জিল জয়, সার্থক হল কাজে।
          দিন আগত ওই,   ভারত তবু কই?
          আত্ম-অবিশ্বাস তার নাশ' কঠিন ঘাতে,
          পুঞ্জিত অবসাদভার হান' অশনিপাতে।
ছায়াভয়চকিতমূঢ় করহ পরিত্রাণ হে,   জাগ্রত ভগবান হে ॥
আরো দেখুন