৫৬৫ (ogo pather sathi)

        ওগো,   পথের সাথি, নমি বারম্বার।

        পথিকজনের লহো   লহো নমস্কার॥

ওগো বিদায়, ওগো ক্ষতি,    ওগো দিনশেষের পতি,

        ভাঙা বাসার লহো নমস্কার॥

ওগো নব প্রভাত-জ্যোতি,    ওগো চিরদিনের গতি,

        নব আশার লহো নমস্কার।

জীবন-রথের হে সারথি,    আমি নিত্য পথের পথী,

        পথে চলার লহো লহো লহো নমস্কার॥

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: বেলা থেকে গয়া যাবার পথে ট্রেনে

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মম মন-উপবনে চলে
Songs
মম মন-উপবনে চলে অভিসারে   আঁধার রাতে বিরহিণী।
          রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি॥
              দুরু দুরু করে হিয়া,   মেঘ ওঠে গরজিয়া,
                   ঝিল্লি ঝনকে ঝিনিঝিনি॥
মম মন-উপবনে ঝরে বারিধারা,   গগনে নাহি শশীতারা।
     বিজুলির চমকনে   মিলে আলো ক্ষণে ক্ষণে,
          ক্ষণে ক্ষণে পথ ভোলে উদাসিনী॥
আরো দেখুন
এ অন্ধকার ডুবাও
Songs
এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে
          ওহে    অন্ধকারের স্বামী।
এসো নিবিড়, এসো গভীর, এসো জীবন-পারে
          আমার চিত্তে এসো নামি।
এ দেহ মন মিলায়ে যাক, হইয়া যাক হারা
          ওহে    অন্ধকারের স্বামী।
বাসনা মোর, বিকৃতি মোর, আমার ইচ্ছাধারা
          ওই      চরণে যাক থামি।
নির্বাসনে বাঁধা আছি দুর্বাসনার ডোরে
          ওহে    অন্ধকারের স্বামী।
সব বাঁধনে তোমার সাথে বন্দী করো মোরে--
          ওহে,   আমি বাঁধন-কামী।
আমার প্রিয়, আমার শ্রেয়, আমার হে পরম,
          ওহে    অন্ধকারের স্বামী,
সকল ঝ'রে সকল ভ'রে আসুক সে চরম--
          ওগো, মরুক-না এই আমি ॥
আরো দেখুন
আজি বর্ষারাতের শেষে
Songs
     আজি   বর্ষারাতের শেষে
সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে॥
বেণুবনের মাথায় মাথায়   রঙ লেগেছে পাতায় পাতায়,
রঙের ধারায় হৃদয় হারায়,   কোথা যে যায় ভেসে॥
          এই ঘাসের ঝিলিমিলি,
তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি।
মাটির প্রেমে আলোর রাগে   রক্তে আমার পুলক লাগে--
   বনের সাথে মন যে মাতে,   ওঠে আকুল হেসে॥
আরো দেখুন