দুই পাখি (dui pakhi)

খাঁচার পাখি ছিল     সোনার খাঁচাটিতে

                   বনের পাখি ছিল বনে।

একদা কী করিয়া     মিলন হল দোঁহে,

        কী ছিল বিধাতার মনে।

বনের পাখি বলে,  খাঁচার পাখি ভাই,

       বনেতে যাই দোঁহে মিলে।

খাঁচার পাখি বলে-- বনের পাখি, আয়

        খাঁচায় থাকি নিরিবিলে।'

                   বনের পাখি বলে-- "না,

আমি     শিকলে ধরা নাহি দিব।'

        খাঁচার পাখি বলে-- "হায়,

আমি     কেমনে বনে বাহিরিব!'

বনের পাখি গাহে বাহিরে বসি বসি

                   বনের গান ছিল যত,

খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার--

                 দোঁহার ভাষা দুইমতো।

বনের  পাখি বলে, খাঁচার পাখি ভাই,

        বনের গান গাও দিখি।

খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই,

খাঁচার গান লহো শিখি।

          বনের পাখি বলে-- না,

আমি     শিখানো গান নাহি চাই।'

        খাঁচার পাখি বলে-- "হায়,

আমি     কেমনে বন-গান গাই।'

         বনের পাখি বলে, "আকাশ ঘননীল,

        কোথাও বাধা নাহি তার।'

খাঁচার পাখি বলে, "খাঁচাটি পরিপাটি

        কেমন ঢাকা চারি ধার।'

বনের পাখি বলে, "আপনা ছাড়ি দাও

        মেঘের মাঝে একেবারে।'

খাঁচার পাখি বলে, নিরালা সুখকোণে

        বাঁধিয়া রাখো আপনারে!'

        বনের পাখি বলে-- "না,

সেথা     কোথায় উড়িবারে পাই!'

        খাঁচার পাখি বলে-- "হায়,

মেঘে     কোথায় বসিবার ঠাঁই!'

এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে

        তবুও কাছে নাহি পায়।

খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে,

        নীরবে চোখে চোখে চায়।

দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে,

        বুঝাতে নারে আপনায়।

দুজনে একা একা ঝাপটি মরে পাখা,

        কাতরে কহে, "কাছে আয়!'

        বনের পাখি বলে--না,

কবে     খাঁচার রুধি দিবে দ্বার।

        খাঁচার পাখি বলে--হায়,

মোর     শকতি নাহি উড়িবার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

95
Verses
হে ভারত, তব শিক্ষা দিয়েছে যে ধন,
বাহিরে তাহার অতি অল্প আয়োজন,
দেখিতে দীনের মতো, অন্তরে বিস্তার
তাহার ঐশ্বর্য যত।
      আজি সভ্যতার
অন্তহীন আড়ম্বরে, উচ্চ আস্ফালনে,
দরিদ্ররুধিরপুষ্ট বিলাসলালনে,
অগন্য চক্রের গর্জে মুখরঘর্ঘর,
লৌহবাহু দানবের ভীষণ বর্বর
রুদ্ররক্ত-অগ্নিদীপ্ত পরম স্পর্ধায়
নিঃসংকোচে শান্তচিত্তে কে ধরিবে, হায়,
নীরবগৌরব সেই সৌম্য দীনবেশে
সুবিরল,নাহি যাহে চিন্তাচেষ্টালেশ?
কে রাখিবে ভরি নিজ অন্তর-আগার
আত্মার সম্পদরাশি মঙ্গল উদার?
আরো দেখুন
2
Verses
লিখব তোমার রঙিন পাতায় কোন্‌ বারতা?
          রঙের তুলি পাব কোথায়?
সে রঙ তো নেই চোখের জলে, আছে কেবল হৃদয় তলে
                   প্রকাশ করি কিসের ছলে মনের কথা?
                   কইতে গেলে রইবে কি তার সরলতা?
                   বন্ধু তুমি বুঝবে কি মোর সহজ বলা?
                   নাই যে আমার ছলা-কলা।
          সুর যা ছিল বাহির ত্যেজে      অন্তরেতে উঠল বেজে,
                   একলা কেবল জানে সে-যে মোর দেবতা।
                   কেমন করে করব বাহির মনের কথা?
আরো দেখুন
99
Verses
তব কাছে এই মোর শেষ নিবেদন--
সকল ক্ষীণতা মম করহ ছেদন
দৃঢ়বলে, অন্তরের অন্তর হইতে
প্রভু মোর। বীর্য দেহো সুখের সহিতে,
সুখেরে কঠিন করি। বীর্য দেহো দুখে,
যাহে দুঃখ আপনারে শান্তস্মিত মুখে
পারে উপেক্ষিতে। ভকতিরে। বীর্য দেহো
কর্মে যাহে হয় সে সফল, প্রীতি স্নেহ
পুণ্যে ওঠে ফুটি। বীর্য দেহো ক্ষুদ্র জনে
না করিতে হীনজ্ঞান, বলের চরণে
না লুটিতে। বীর্য দেহো চিত্তেরে একাকী
প্রত্যহের তুচ্ছতার ঊর্ধ্বে দিতে রাখি।
বীর্য দেহো তোমার চরণে পাতি শির
অহর্নিশি আপনারে রাখিবারে স্থির।
আরো দেখুন