অমৃত (omrito)

      বিদায় নিয়ে চলে আসবার বেলা বললেম তাকে,

           "ভারতের একজন নারী বলেছিলেন একদিন--

                  উপকরণ চান না তিনি,

                       তিনি চান অমৃত

                 এই তো নারীর পণ,

                       তুমি কী বল।"

      অমিয়া হাসল একটু বিরস হাসি;

                       বললে, " এ কি উপদেশ।"

          আমি বললেম তার হাত চেপে ধরে,

                       "ভালোবাসাই সেই অমৃত,

                উপকরণ তার কাছে তুচ্ছ,

                             বুঝবে একদিন।"

            বিরক্ত হল অমিয়া;

      বললে, " তুমি কেন নিয়ে গেলে না আমাকে মিথ্যে থেকে।

                     জোর নেই  কেন তোমার।"

           আমি বললেম, "বাধে আত্মগৌরবে।

যতদিন না ধনে হব সমান

                     আসব না তোমার কাছে।"

      অমিয়া মাথা-ঝাঁকানি দিয়ে উঠে দাঁড়ালো,

                 চলল ঘরের বাইরে।

            আমি বললেম, "শুনে রাখো,

                 তোমার ভালোবাসার বদলে

            দেব না তোমাকে অকিঞ্চনের অসম্মান।

                 এই আমার পুরুষের পণ।"

      দিন যায়, রাত যায়,

মাথায় চড়ে ওঠে সোনার মদের নেশা।

      সঞ্চয়ের ধাক্কা যতই বাড়ে

            ততই আমাকে চলে ঠেলে।

থামতে পারি নে, থামাতে পারি নে তার তাড়না।

            বিত্ত বাড়ে, খ্যাতি বাড়ে,

      বুক ফুলিয়ে এগিয়ে চলে আত্মশ্লাঘা।

শেষে ডাক্তার বললে, বিশ্রাম চাই নিতান্তই,

            দেহের কল অচল হয়ে এল বলে।

গেলেম দূরদেশে নির্জনে

      সেখানে সমুদ্রের একটা খাড়ি এসে মিলেছে

           পাহাড়তলির অরণ্যে।ভিড় জমেছে গাছে গাছে

            মাছ-ধরা পাখিদের পাড়ার।

      ক্ষীণ নদীটি ঝরে পড়েছে পাহাড় থেকে

            পাথরের ধাপে ধাপে।

                 নুড়ি ডিঙিয়ে বেঁকে চলা

                 তার ফটিক জলের কল্‌কলানি

ধরিয়ে রেখেছে একটি মূল সুর নির্জনতার।

              নিত্য-স্নান-করা সেখানকার হাওয়া

    চলেছে মন্ত্র গুন্‌গুনিয়ে বনের থেকে বনে।

দল বেঁধেছে নারকেল গাছ --

                    কেউ খাড়া, কেউ হেলে-পড়া,

      দিনরাত ওদের ঝালর-ঝোলা অস্থিরপনা।

ফিরে ফিরে আছাড় খেয়ে ফেনিয়ে উঠছে জেদালো ঢেউ

            মোটা মোটা কালো পাথরে;

      ডাঙায় ছড়িয়ে দিয়ে যাচ্ছে

           ঝিনুক শামুক শ্যাওলা।

ক্লান্ত শরীর ব্যস্ত মনকে ফিরিয়েছে

            শান্ত রক্তধারার স্নিগ্ধতায়।

                   কর্মের নেশার ঝাঁজ এল মরে।

      এতকালের খাটুনি মনে হল যেন ফাঁকি,

               প্রাণ উঠল দু হাত বাড়িয়ে

                    জীবনের সাঁচ্চা সোনার জন্যে।

সেদিন ঢেউ ছিল না জলে।

    আশ্বিনের রোদ্‌দুর কাঁপছে

           সমুদ্রের শিহর-লাগা নীলিমায়।

                   বাসার ধারে পুরোনো ঝাউগাছে

             ধেয়ে আসছে খাপছাড়া হাওয়া,

                       ঝর্‌ঝর্‌ করে উঠছে তার পাতা।

      বেগনি রঙের পাখি, বুকের কাছে সাদা,

            টেলিগ্রাফের তারে বসে লেজ দুলিয়ে

                     ডাকছে মিষ্টি মৃদু চাপা সুরে।

      শরৎ-আকাশের নির্মল নীলে ছড়িয়ে আছে

          কোন্‌ অনাদি নির্বাসনের গভীর বিষাদ।

            মনের মধ্যে হুহু করে উঠছে--

                       "ফিরে যেতে হবে।"

            থেকে থেকে মনে পড়ছে,

      সেদিনকার সেই জল-মুছে-ফেলা চোখে

                 ঝলে উঠেছিল যে আলো।

সেইদিনই চড়লুম জাহাজে।

          বন্দরে নেমেই এসেছি চলে।

            রাস্তার বাঁকে এসে চাইলেম বাড়ির দিকে;

                    মনে হল, সেখানে বাস নেই কারও।

                       এলেম সদর দরজার সামনে,

                                দেখি তালা বন্ধ।

                       ধক্‌ করে উঠল বুকের মধ্যে;

            বাড়ির ভিতর থেকে শূন্যতার দীর্ঘনিশ্বাস এসে

                       লাগল আমার অন্তরে।

                       অনেক সন্ধানের পর

                           দেখা হল শেষে।

                    কোন্‌ বারো-ভুঁইঞাদের আমলের

            একখানা তিন-কাল-পেরোনো গ্রাম--

                 একটি পুরোনো দিঘির ধারে --

            দিঘির নামেই লোচনদিঘি তার নাম।

                 সেখানে ভুলে-যাওয়া তারিখের

                          ঝাপসা-অক্ষর-পটওআলা

                                ভাঙা দেবালয়।

                 পূর্বখ্যাতির কোনো সাক্ষী রাখে নি,

                       আছে সে অশ্বত্থের পাঁজর -ভাঙা

                             আলিঙ্গনে জড়িয়ে-পড়া।

                      পাড়ির উপরে বুড়ো বটের তলায়

                            একটি নূতন আটচালা ঘর,

                      সেইখানে গ্রামের বালিকাবিদ্যালয়।

দেখলুম অমিয়াকে

      ছাই রঙের মোটা শাড়ি পরা,

            দুই হাতে দুইগাছি শাঁখা,

                 পায়ে নেই জুতো,

ঢিলে খোঁপা অযত্নে পড়েছে ঝুলে।

          পাড়াগাঁয়ের শ্যামল রঙ লেগেছে মুখে।

                 ছোটো ঝারি হাতে পাঠশালার বাগানে

                 জল দিচ্ছে সবজি-খেতে।

            ভেবে পেলেম না কী বলি।

                 তারও মুখে এল না

               প্রথম-দেখার কোনো সম্ভাষণ,

                     কোনো প্রশ্ন।

                 চোখের আড়ে

      আমার দামি জুতোজোড়াটার দিকে তাকিয়ে

                 বললে অনায়াসে,

              "বেশি বর্ষায় আগাছায় চাপা পড়েছে

                       বিলিতি বেগুনের চারা;

                             এসো-না, নিড়িয়ে দেবে।"

            বোঝা গেল না, ঠাট্টা কি সত্যি।

                 জামার আস্তিনে ছিল মুক্তোর বোতাম,

                       লুকিয়ে আস্তিনটা দিলেম উলটিয়ে।

                 অমিয়ার জন্যে একটা ব্রোচ ছিল পকেটে,

                             বুঝলেম দিতে গেলে

                 হীরেটাতে লাগবে প্রহসনের হাসি।

                       একটু কেসে শুধালেম,

                                "এখানে থাকো কোথায়।"

                       ঝারি রেখে দিয়ে বললে, "দেখবে?"

                             নিয়ে গেল স্কুলের মধ্যে

                                   দালানের পুব দিকটাতে

                           শতরঞ্জের পর্দা দিয়ে ভাগ করা ঘরে।

                                একটা তক্তপোশের উপর

                                    বিছানা রয়েছে গোটানো।

টুলের উপর সেলাইয়ের কল,

      ছিটের খাপে ঢাকা সেতার

               দেয়ালে-ঠেসান-দেওয়া।

            দক্ষিণের দরজার সামনে মাদুর পাতা,

                 তার উপরে ছড়িয়ে আছে

                       ছাঁটা কাপড়, নানা রঙের ফিতে,

                                রেশমের মোড়ক।

                        উত্তর কোণের দেয়ালে

                 ছোটো টিপায়ে হাত-আয়না,

                       চিরুনি, তেলের শিশি,

                      বেতের ঝুড়িতে টুকিটাকি।

                দক্ষিণ কোণের দেয়ালের গায়ে

                       ছোটো টেবিলে লেখবার সামগ্রী

                 আর রঙ-করা মাটির ভাঁড়ে

                            একটি স্থলপদ্ম।

                 অমিয়া বললে, "এই আমার বাসা--

                        একটু বোসো, আসছি আমি।"

      বাইরে জটা-ঝোলা বটের ডালে

                 ডাকছে কোকিল।

                     মান-কচুর ঝোপের পাশে

            বিষম খেপে উঠেছে একদল ঝগড়াটে শালিখ।

                       দেখা যায়, ঝিল্‌মিল্‌ করছে

                              ঢালু পাড়ির তলায়

                       দিঘির উত্তর ধারের এক টুকরো জল

                              কলমি-শাকের পাড়-দেওয়া।

           চোখে পড়ল, লেখবার টেবিলে একটি ছবি --

            অল্প বয়সের যুবা, চিনি নে তাকে--

                 কয়লায় আঁকা, কাঁচকড়ার ফ্রেমে বাঁধানো

                       ফলাও তার কপাল, চুল আলুথালু,

চোখে যেন দূর ভবিষ্যতের আলো,

            ঠোঁটে যেন কঠিন পণ তালা-আঁটা।

      এমন সময় অমিয়া নিয়ে এল

            থালায় করে জলখাবার--

      চিঁড়ে, কলা, নারকেল-নাড়ু,

                 কালো পাথর-বাটিতে দুধ,

                       এক-গেলাস ডাবের জল।

      মেঝের উপর থালা রেখে

পশমে-বোনা একটা আসন দিল পেতে।

      খিদে নেই বললে মিথ্যে হত না,

            রুচি নেই বললে সত্য হত,

                 কিন্তু খেতেই হল।

      তার পরে শোনা গেল খবর।

আমার ব্যবসায়ে আমদানি যখন জমে উঠেছে ব্যাঙ্কে,

যখন হুঁশ ছিল না আর-কোনো জমাখরচে,

    তখন অমিয়ার বাবা কুঞ্জকিশোরবাবু

            মাঝে মাঝে লক্ষপতির ঘরের

         দুর্লভ দুই-একটি ছেলেকে

                 এনেছিলেন চায়ের টেবিলে।

   সব সুযোগই ব্যর্থ করেছে বারে বারে

               তাঁর একগুঁয়ে মেয়ে।

কপাল চাপড়ে হাল ছেড়েছেন যখন তিনি

          এমন সময় পারিবারিক দিগন্তে

হঠাৎ দেখা দিল কক্ষছাড়া পাগলা জ্যোতিষ্ক--

মাধপাড়ার রায়বাহাদুরের একমাত্র ছেলে মহীভূষণ।

রায়বাহাদুর জমা টাকা আর জমাট বুদ্ধিতে

             দেশবিখ্যাত।

তাঁর ছেলেকে কোনো পিতা পারে না হেলা করতে

             যতই সে হোক লাগাম-ছেঁড়া।

আট বছর য়ুরোপে কাটিয়ে মহীভূষণ ফিরেছেন দেশে।

      বাবা বললেন, "বিষয়কর্ম দেখো।"

               ছেলে বললে, "কী হবে।"

লোকে বললে, ওর বুদ্ধির কাঁচা ফলে ঠোকর দিয়েছে

         রাশিয়ার লক্ষ্মী-খেদানো বাদুড়টা।

              অমিয়ার বাবা বললেন, "ভয় নেই,

নরম হয়ে এল বলে দেশের ভিজে হাওয়ায়।"

            দু দিনে অমিয়া হল তার চেলা।

                 যখন-তখন আসত মহীভূষণ,

আশপাশের হাসাহাসি কানাকানি গায়ে লাগত না কিছুই।

                 দিনের পর দিন যায়।

        অধীর হয়ে অমিয়ার বাবা তুললেন বিয়ের কথা।

                    মহী বললে, "কী হবে।"

        বাবা রেগে বললেন, "তবে তুমি আস কেন রোজ।"

               অনায়াসে বললে মহীভূষণ,

           "অমিয়াকে নিয়ে যেতে চাই যেখানে ওর কাজ।"

            অমিয়ার শেষ কথা এই,

                    "এসেছি তাঁরই কাজে।

উপকরণের দুর্গ থেকে তিনি করেছেন আমাকে উদ্ধার।"

      আমি শুধালেম, "কোথায় আছেন তিনি।"

                 অমিয়া বললে, "জেলখানায়।"

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দুই বিঘা জমি
Verses
শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই   আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, "বুঝেছ উপেন,   এ জমি লইব কিনে।'
কহিলাম আমি, "তুমি ভূস্বামী,   ভূমির অন্ত নাই।
চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর   মরিবার মতো ঠাঁই।'
শুনি রাজা কহে, "বাপু, জানো তো হে, করেছি বাগানখান
পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে   সমান হইবে টানা--
ওটা দিতে হবে।' কহিলাম তবে   বক্ষে জুড়িয়া পাণি
সজল চক্ষে, "করুণ বক্ষে   গরিবের ভিটেখানি।
সপ্ত পুরুষ যেথায় মানুষ   সে মাটি সোনার বাড়া,
দৈন্যের দায়ে বেচিব সে মায়ে   এমনি লক্ষ্মীছাড়া!'
আঁখি করি লাল রাজা ক্ষণকাল   রহিল মৌনভাবে,
কহিলেন শেষে ক্রূর হাসি হেসে,  "আচ্ছা, সে দেখা যাবে।'
পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে   বাহির হইনু পথে--
করিল ডিক্রি, সকলই বিক্রি   মিথ্যা দেনার খতে।
এ জগতে, হায়, সেই বেশি চায়   আছে যার ভূরি ভূরি--
রাজার হস্ত করে সমস্ত   কাঙালের ধন চুরি।
মনে ভাবিলাম মোরে ভগবান   রাখিবে না মোহগর্তে,
তাই লিখি দিল বিশ্বনিখিল   দু বিঘার পরিবর্তে।
সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে   হইয়া সাধুর শিষ্য
কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য!
ভূধরে সাগরে বিজনে নগরে   যখন যেখানে ভ্রমি
তবু নিশিদিনে ভুলিতে পারি নে   সেই দুই বিঘা জমি।
হাটে মাঠে বাটে এই মতো কাটে   বছর পনেরো-ষোলো--
একদিন শেষে ফিরিবারে দেশে   বড়ই বাসনা হল।
নমোনমো নম সুন্দরী মম   জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর স্নিগ্ধ সমীর,   জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট  চুমে তব পদধূলি,
ছায়াসুনিবিড় শান্তির নীড়   ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন   রাখালের খেলাগেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল--  নিশীথশীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ   জল লয়ে যায় ঘরে--
মা বলিতে প্রাণ করে আনচান,   চোখে আসে জল ভরে।
দুই দিন পরে দ্বিতীয় প্রহরে   প্রবেশিনু নিজগ্রামে--
কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি   রথতলা করি বামে,
রাখি হাটখোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে
তৃষাতুর শেষে পঁহুছিনু এসে   আমার বাড়ির কাছে।
ধিক্‌ ধিক্‌ ওরে, শতধিক্‌ তোরে,   নিলাজ কুলটা ভূমি!
যখনি যাহার তখনি তাহার,   এই কি জননী তুমি!
সে কি মনে হবে একদিন যবে   ছিলে দরিদ্রমাতা
আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া   ফল ফুল শাক পাতা!
আজ কোন্‌ রীতে কারে ভুলাইতে   ধরেছ বিলাসবেশ--
পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ!
আমি তোর লাগি ফিরেছি বিবাগি   গৃহহারা সুখহীন--
তুই হেথা বসি ওরে রাক্ষসী,   হাসিয়া কাটাস দিন!
ধনীর আদরে গরব না ধরে !   এতই হয়েছ ভিন্ন
কোনোখানে লেশ নাহি অবশেষ   সেদিনের কোনো চিহ্ন!
কল্যাণময়ী ছিলে তুমি অয়ি,   ক্ষুধাহরা সুধারাশি!
যত হাসো আজ যত করো সাজ   ছিলে দেবী, হলে দাসী।
বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া   চারি দিকে চেয়ে দেখি--
প্রাচীরের কাছে এখনো যে আছে,   সেই আমগাছ একি!
বসি তার তলে নয়নের জলে   শান্ত হইল ব্যথা,
একে একে মনে উদিল স্মরণে   বালক-কালের কথা।
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে  রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি   আম কুড়াবার ধুম।
সেই সুমধুর স্তব্ধ দুপুর,   পাঠশালা-পলায়ন--
ভাবিলাম হায় আর কি কোথায়   ফিরে পাব সে জীবন!
সহসা বাতাস ফেলি গেল শ্বাস   শাখা দুলাইয়া গাছে,
দুটি পাকা ফল লভিল ভূতল   আমার কোলের কাছে।
ভাবিলাম মনে বুঝি এতখনে   আমারে চিনিল মাতা,
স্নেহের সে দানে বহু সম্মানে   বারেক ঠেকানু মাথা।
হেনকালে হায় যমদূত-প্রায়  কোথা হতে এল মালী,
ঝুঁটি-বাঁধা উড়ে সপ্তম সুরে   পাড়িতে লাগিল গালি।
কহিলাম তবে, "আমি তো নীরবে   দিয়েছি আমার সব--
দুটি ফল তার করি অধিকার,   এত তারি কলরব!'
চিনিল না মোরে, নিয়ে গেল ধরে  কাঁধে তুলি লাঠিগাছ--
বাবু ছিপ হাতে পারিষদ-সাথে   ধরিতেছিলেন মাছ।
শুনি বিবরণ ক্রোধে তিনি কন,   "মারিয়া করিব খুন!'
বাবু যত বলে পারিষদ-দলে   বলে তার শতগুণ।
আমি কহিলাম, "শুধু দুটি আম  ভিখ মাগি মহাশয়!'
বাবু কহে হেসে, "বেটা সাধুবেশে   পাকা চোর অতিশয়।'
আমি শুনে হাসি আঁখিজলে ভাসি,   এই ছিল মোর ঘটে--
তুমি মহারাজ সাধু হলে আজ,   আমি আজ চোর বটে!
আরো দেখুন
19
Verses
সজীব খেলনা যদি
গড়া হয় বিধাতার কর্মশালে,
কী তাহার দশা হয়
তাই করি অনুভব
আজি আয়ুশেষে।
হেথা খ্যাতি মোর পরাহত,
উপেক্ষিত গাম্ভীর্য আমার,
নিষেধে অনুশাসনে
শোওয়া বসা চলে।
"চুপ করে থাকো',
"বেশি কথা কওয়া ভালো নয়',
"আরো কিছু খেতে হবে'--
এ-সকল আদেশ নির্দেশ
কভু ভর্ৎসনায়, কভু অনুনয়ে,
যাহাদের কণ্ঠ হতে আসে
তাহাদের পরিত্যক্ত খেলাঘরে
ভাঙা পুতুলের ট্রাজেডিতে
এই তো সেদিন মাত্র পড়েছে কৈশোর-যবনিকা।
কিছুক্ষণ
বিরোধের স্পর্ধা করি,
তার পরে ভালো ছেলে হয়ে
যেমন চালায় তাই চলি।
মনে ভাবি,
বৃদ্ধ ভাগ্য তার শাসনের ভার
কিছুদিন নূতন ভাগ্যের হাতে
সঁপি দিয়া কটাক্ষে হাসিছে দূরে থেকে,
হেসেছিল যেমন বাদশা
আবুহোসেনের পালা
রচিয়া আড়ালে।
অমোঘ বিধির রাজ্যে বার বার হয়েছি বিদ্রোহী;
এ রাজ্যে নিয়েছি মেনে
সেই দণ্ড
যাহা মৃণালের চেয়ে সুকোমল,
বিদ্যুতের চেয়ে স্পষ্ট
তর্জনী যাহার।
আরো দেখুন
আঠারো
Verses
কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি,
এইবার থামো তুমি। বাক্যের মন্দিরচূড়া গাঁথি
যত ঊর্ধ্বে তোলো তারে তার চেয়ে আরো ঊর্ধ্বে ধায়
গাঁথুনির অন্তহীন উন্মত্ততা। থামিতে না চায়
রচনার স্পর্ধা তব; ভুলে গেছ , থামার পূর্ণতা
রচনার পরিত্রাণ; ভুলে গেছ নির্বাক্‌ দেবতা
বেদিতে বসিবে আসি যবে, কথার দেউলখানি
কথার অতীত মৌনে লভিবে চরমতম বাণী।
মহানিস্তব্ধের লাগি অবকাশ রেখে দিয়ো বাকি,
উপকরণের স্তূপে রচিয়ো না অভ্রভেদী ফাঁকি
অমৃতের স্থান রোধি। নির্মাণ-নেশায় যদি মাত
সৃষ্টি হবে গুরুভার, তার মাঝে লীলা রবে না তো।
থামিবার দিন এলে থামিতে না যদি থাকে জানা
নীড় গেঁথে গেঁথে পাখি আকাশেতে উড়িবার ডানা
ব্যর্থ করি দিবে। থামো তুমি থামো। সন্ধ্যা হয়ে আসে,
শান্তির ইঙ্গিত নামে দিবসের প্রগল্‌ভ প্রকাশে।
ছায়াহীন আলোকের সভার দিনের যত কথা
আপনারে রিক্ত করি রাত্রির গভীর সার্থকতা
এসেছে ভরিয়া নিতে। তোমার বীণার শত তারে
মত্ততার নৃত্য ছিল এতক্ষণ ঝংকারে ঝংকারে
বিরাম বিশ্রামহীন-- প্রত্যক্ষের জনতা তেয়াগি
নেপথ্যে যাক সে চলে স্মরণের নির্জনের লাগি
ল'য়ে তার গীত-অবশেষ,কথিত বাণীর ধারা
অসীমের অকথিত বাণীর সমুদ্রে হোক সারা।
আরো দেখুন