মুর্খু (murkhu)

নেই বা হলেম যেমন তোমার

          অম্বিকে গোঁসাই।

আমি তো, মা, চাই নে হতে

          পণ্ডিতমশাই।

নাই যদি হই ভালো ছেলে,

কেবল যদি বেড়াই খেলে,

তুঁতের ডালে খুঁজে বেড়াই

          গুটিপোকার গুটি,

মুর্খু হয়ে রইব তবে?

আমার তাতে কীই বা হবে,

মুর্খু যারা তাদেরি তো

          সমস্তখন ছুটি।

তারাই তো সব রাখাল ছেলে

          গোরু চরায় মাঠে।

নদীর ধারে বনে বনে

          তাদের বেলা কাটে।

ডিঙির 'পরে পাল তুলে দেয়,

ঢেউয়ের মুখে নাও খুলে দেয়,

ঝাউ কাটতে যায় চলে সব

          নদীপারের চরে।

তারাই মাঠে মাচা পেতে

পাখি তাড়ায় ফসল-খেতে,

বাঁকে করে দই নিয়ে যায়

          পাড়ার ঘরে ঘরে।

কাস্তে হাতে চুবড়ি মাথায়,

          সন্ধ্যে হলে পরে

ফেরে গাঁয়ে কৃষাণ ছেলে,

          মন যে কেমন করে।

যখন গিয়ে পাঠশালাতে

দাগা বুলোই খাতার পাতে,

গুরুমশাই দুপুরবেলায়

          বসে বসে ঢোলে,

হাঁকিয়ে গাড়ি কোন গাড়োয়ান

মাঠের পথে যায় গেয়ে গান,

শুনে আমি পণ করি যে

          মুর্খু হব বলে।

দুপুরবেলায় চিল ডেকে যায়;

          হঠাৎ হাওয়া আসি

বাঁশবাগানে বাজায় যেন

          সাপ খেলাবার বাঁশি।

পুবের দিকে বনের কোলে

বাদল-বেলার আঁচল দোলে,

ডালে ডালে উছলে ওঠে

          শিরীষফুলের ঢেউ।

এরা যে পাঠ-ভোলার দলে

পাঠশালা সব ছাড়তে বলে,

আমি জানি এরা তো, মা,

          পণ্ডিত নয় কেউ।

যাঁরা অনেক পুঁথি পড়েন

          তাঁদের অনেক মান।

ঘরে ঘরে সবার কাছে

          তাঁরা আদর পান।

সঙ্গে তাঁদের ফেরে চেলা,

ধুমধামে যায় সারাবেলা,

আমি তো, মা, চাই নে আদর

          তোমার আদর ছাড়া।

তুমি যদি, মুর্খু বলে

আমাকে মা না নাও কোলে

তবে আমি পালিয়ে যাব

          বাদলা মেঘের পাড়া।

সেখান থেকে বৃষ্টি হয়ে

          ভিজিয়ে দেব চুল।

ঘাটে যখন যাবে, আমি

          করব হুলুস্থূল।

রাত থাকতে অনেক ভোরে

আসব নেমে আঁধার করে,

ঝড়ের হাওয়ায় ঢুকব ঘরে

          দুয়ার ঠেলে ফেলে,

তুমি বলবে মেলে আঁখি,

"দুষ্টু দেয়া খেপল না কি?"

আমি বলব, "খেপেছে আজ

          তোমার মুর্খু ছেলে।"

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

63
Verses
NOT FOR ME is the love that knows no restraint, but like the foaming wine that having burst its vessel in a moment would run to waste.
Send me the love which is cool and pure like your rain that blesses the thirsty earth and fills the homely earthen jars.
Send me the love that would soak down into the centre of being, and from there would spread like the unseen sap through the branching tree of life, giving birth to fruits and flowers.
Send me the love that keeps the heart still with the fulness of peace.
আরো দেখুন
22
Verses
IS IT THE Destroyer who comes?
For the boisterous sea of tears heaves in the flood-tide of pain.
The crimson clouds run wild in the wind lashed by lightning, and the thundering laughter of the Mad is over the sky.
Life sits in the chariot crowned by Death.
Bring out your tribute to him of all that you have.
Do not hug your savings to your heart, do not look behind,
Bend your head at his feet, trailing your hair in the dust.
Take to the road from this moment.
For the lamp is blown out and the house is desolate.
The storm winds scream through your doors, the walls are rocking, and the call comes from the land of dimness beyond your ken.
Hide not your face in terror; tears are in vain; your door chains have snapped.
Run out for your voyage to the end of all joys and sorrows.
Let your steps be the steps of a desperate dance.
Sing 'Victory to Life in Death.'
Accept your destiny, O Bride!
Put on your red robe to follow through the darkness the torchlight of the Bridegroom!
আরো দেখুন
77
Verses
বাক্য তোমার সব লোকে বলে
         গজদন্তের তুল্য--
বের হয়ে যদি ফিরিত কবলে
         হারাত সত্য মূল্য।
      আঁখি-পানে তব তাকিয়েই
      বিশ্বাস মনে রাখি এই
কথা দিলে তুমি ভোল না কখনো--
         কত লোকে কত ভুলল।
আরো দেখুন