ছাব্বিশ (akashe cheye dekhi)

আকাশে চেয়ে দেখি

অবকাশের অন্ত নেই কোথাও।

দেশকালের সেই সুবিপুল আনুকূল্যে

তারায় তারায় নিঃশব্দ আলাপ,

তাদের দ্রুতবিচ্ছুরিত আলোক-সংকেতে

তপস্বিনী নীরবতার ধ্যান কম্পমান।

অসংখ্যের ভারে পরিকীর্ণ আমার চিত্ত;

চারদিকে আশু প্রয়োজনের কাঙালের দল;

অসীমের অবকাশকে খণ্ড খণ্ড করে

ভিড় করেছে তারা

উৎকণ্ঠ কোলাহলে।

সংকীর্ণ জীবনে আমার স্বর তাই বিজড়িত,

সত্য পৌঁছয় না অনুজ্জ্বল বাণীতে।

প্রতিদিনের অভ্যস্ত কথার

মূল্য হল দীন;

অর্থ গেল মুছে।

আমার ভাষা যেন

কুয়াশার জড়িমায় অবমানিত

হেমন্তের বেলা,

তার সুর পড়েছে চাপা।

সুস্পষ্ট প্রভাতের মতো

মন অনায়াসে মাথা তুলে বলতে পারে না--

"ভালোবাসি।"

সংকোচ লাগে কণ্ঠের কৃপণতায়।

তাই ওগো বনস্পতি,

তোমার সম্মুখে এসে বসি সকালে বিকালে,

শ্যামচ্ছায়ায় সহজ করে নিতে চাই

আমার বাণী।

দেখি চেয়ে, তোমার পল্লবস্তবক

অনায়াসে পার হয়েছে

শাখাব্যূহের জটিলতা,

জয় করে নিয়েছে চারদিকে নিস্তব্ধ অবকাশ।

তোমার নিঃশব্দ উচ্ছ্বাস সেই উদার পথে

উত্তীর্ণ হয়ে যায়

সূর্যোদয়-মহিমার মাঝে।

সেই পথ দিয়ে দক্ষিণ বাতাসের স্রোতে

অনাদি প্রাণের মন্ত্র

তোমার নবকিশলয়ের মর্মে এসে মেলে--

বিশ্বহৃদয়ের সেই আনন্দমন্ত্র--

"ভালোবাসি।"

বিপুল ঔৎসুক্য আমাকে বহন করে নিয়ে যায়

সুদূরে;

বর্তমান মুহূর্তগুলিকে

অবলুপ্ত করে কালহীনতায়।

যেন কোন্‌ লোকান্তরগত চক্ষু

জন্মান্তর থেকে চেয়ে থাকে

অমার মুখের দিকে,--

চেতনাকে নিষ্কারণ বেদনায়

সকল সীমার পরপারে দেয় পাঠিয়ে।

ঊর্ধ্বলোক থেকে কানে আসে

সৃষ্টির শাশ্বতবাণী--

"ভালোবাসি।"

যেদিন যুগান্তের রাত্রি হল অবসান

আলোকের রশ্মিদূত

বিকীর্ণ করেছিল এই আদিমবাণী

আকাশে আকাশে।

সৃষ্টিযুগের প্রথম লগ্নে

প্রাণসমুদ্রের মহাপ্লাবনে

তরঙ্গে তরঙ্গে দুলেছিল এই মন্ত্র-বচন।

এই বাণীই দিনে দিনে রচনা করেছে

স্বর্ণচ্ছটায় মানসী প্রতিমা

আমার বিরহ-গগনে

অস্তসাগরের নির্জন ধূসর উপকূলে।

আজ দিনান্তের অন্ধকারে

এজন্মের যত ভাবনা যত বেদনা

নিবিড় চেতনায় সম্মিলিত হয়ে

সন্ধ্যাবেলার একলা তারার মতো

জীবনের শেষবাণীতে হোক উদ্ভাসিত--

"ভালোবাসি।"

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার আর হবে না দেরি
Verses
আমার     আর হবে না দেরি--
আমি       শুনেছি ওই বাজে তোমার ভেরী।
    তুমি কি নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে।
    মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে
                    তোমায় যেন হেরি--
আমার     আর হবে না দেরি।
আমার     কাজ হয়েছে সারা,
এখন       প্রাণে বাঁশি বাজায় সন্ধ্যাতারা।
    দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,
    তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে
                   আমার ললাট ঘেরি--
এখন       আর হবে না দেরি।
আরো দেখুন
১২৩
Verses
১২৩
পুরানো মাঝে যা-কিছু ছিল
চিরকালের ধন,
নূতন,তুমি এনেছ
তাই করিয়া আহরণ ॥  
আরো দেখুন
আকাঙক্ষা
Verses
     আজি      শরততপনে প্রভাতস্বপনে
                   কী জানি পরান কী যে চায়।
     ওই       শেফালির শাখে কী বলিয়া ডাকে
                   বিহগবিহগী কী যে গায়।
     আজি      মধুর বাতাসে হৃদয় উদাসে
                   রহে না আবাসে মন হায়।
     কোন্‌    কুসুমের আশে, কোন্‌ ফুলবাসে
                   সুনীল আকাশে মন ধায়॥
     আজি      কে যেন গো নাই, এ প্রভাতে তাই
                   জীবন বিফল হয় গো।
     তাই      চারি দিকে চায় মন কেঁদে গায়--
                    "এ নহে, এ নহে, নয় গো।"
     কোন্‌    স্বপনের দেশে আছে এলোকেশে,
                    কোন্‌ ছায়াময়ী অমরায়।
     আজি      কোন্‌ উপবনে বিরহবেদনে
                   আমারি কারণে কেঁদে যায়॥
     আমি      যদি গাঁথি গান অথির পরান
                   সে গান শুনাব কারে আর।
     আমি      যদি গাঁথি মালা লয়ে ফুলডালা
                   কাহারে পরাব ফুলহার।
     আমি      আমার এ প্রাণ যদি করি দান
                   দিব প্রাণ তবে কার পায়।
     সদা      ভয় হয় মনে পাছে অযতনে
                   মনে মনে কেহ ব্যথা পায়॥
আরো দেখুন