শেষ অভিসার (shesh obhisar)

     আকাশে ঈশানকোণে মসীপুঞ্জ মেঘ।

              আসন্ন ঝড়ের বেগ

        স্তব্ধ রহে অরণ্যের ডালে ডালে

              যেন সে বাদুড় পালে পালে।

       নিষ্কম্প পল্লবঘন মৌনরাশি

            শিকার-প্রত্যাশী

       বাঘের মতন আছে থাবা পেতে,

            রন্ধ্রহীন আঁধারেতে।

     ঝাঁকে ঝাঁক

             উড়িয়া চলেছে কাক

আতঙ্ক বহন করি উদ্‌বিগ্ন ডানার 'পরে।

     যেন কোন্‌ ভেঙে-পড়া লোকান্তরে

ছিন্ন ছিন্ন রাত্রিখন্ড চলিয়াছে উড়ে

     উচ্ছৃঙ্খল ব্যর্থতার শূন্যতল জুড়ে।

  

     দুর্যোগের ভূমিকায় তুমি আজ কোথা হতে এলে

               এলোচুলে অতীতের বনগন্ধ মেলে।

          জন্মের আরম্ভপ্রান্তে আর-একদিন

               এসেছিলে অম্লান নবীন

                      বসন্তের প্রথম দূতিকা,

               এনেছিলে আষাঢ়ের প্রথম যূথিকা

                          অনির্বচনীয় তুমি।

               মর্মতলে উঠিলে কুসুমি

     অসীম বিস্ময়-মাঝে, নাহি জানি এলে কোথা হতে

          অদৃশ্য আলোক হতে দৃষ্টির আলোতে।

               তেমনি রহস্যপথে, হে অভিসারিকা,

     আজ আসিয়াছ তুমি; ক্ষণদীপ্ত বিদ্যুতের শিখা

          কী ইঙ্গিত মেলিতেছে মুখে তব,

                   কী তাহার ভাষা অভিনব।

     আসিছ যে-পথ বেয়ে সেদিনের চেনা পথ এ কি।

                   এ যে দেখি

               কোথাও বা ক্ষীণ তার রেখা,

          কোথাও চিহ্নের সূত্র লেশমাত্র নাহি যায় দেখা।

               ডালিতে এনেছ ফুল স্মৃত বিস্মৃত,

                   কিছু-বা অপরিচিত।

          হে দূতী, এনেছ আজ গন্ধে তব যে-ঋতুর বাণী

                   নাম তার নাহি জানি।

                        মৃত্যু-অন্ধকারময়

          পরিব্যাপ্ত হয়ে আছে আসন্ন তাহার পরিচয়।

               তারি বরমাল্যখানি পরাইয়া দাও মোর গলে

                   স্তিমিতনক্ষত্র এই নীরবের সভাঙ্গনতলে।

                     এই তব শেষ অভিসারে

                          ধরণীর পারে

                    মিলন ঘটায়ে যাও অজানার সাথে

                             অন্তহীন রাতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

116
Verses
THE DESERT is imprisoned in the wall
of its unbounded barrenness.
আরো দেখুন
নববর্ষা
Verses
হৃদয় আমার নাচে রে আজিকে
            ময়ূরের মতো নাচে রে,হৃদয়
                        নাচে রে।
শত বরনের ভাব-উচ্ছ্বাস
কলাপের মতো করেছে বিকাশ,
আকুল পরান আকাশে চাহিয়া
            উল্লাসে কারে যাচে রে।
                        হৃদয় আমার নাচে রে আজিকে
                              ময়ূরের মতো নাচে রে!
গুরু গুরু মেঘ গুমরি গুমরি
            গরজে গগনে গগনে,গরজে
                       গগনে।
ধেয়ে চলে আসে বাদলের ধারা,
নবীন ধান্য দুলে দুলে সারা,
কুলায়ে কাঁপিছে কাতর কপোত,
            দাদুরি ডাকিছে সঘনে।
                        গুরুগুরু মেঘ গুমরি গুমরি
                                গরজে গগনে গগনে।
নয়নে আমার সজল মেঘের
        নীল অঞ্জন লেগেছে,নয়নে
                     লেগেছে।
নবতৃণদলে ঘনবনছায়ে
হরষ আমার দিয়েছি বিছায়ে,
পুলকিত নীপনিকুঞ্জে আজি
            বিকশিত প্রাণ জেগেছে।
                        নয়নে সজল স্নিগ্ধ মেঘের
                              নীল অঞ্জন লেগেছে।
ওগো, প্রাসাদের শিখরে আজিকে
            কে দিয়েছে কেশ এলায়ে,কবরী
                  এলায়ে?
ওগো, নবঘন নীলবাসখানি
বুকের উপর কে লয়েছে টানি?
তড়িৎ-শিখার চকিত আলোকে
            ওগো, কে ফিরিছে খেলায়ে?
                      ওগো, প্রাসাদের শিখরে আজিকে
                             কে দিয়েছে কেশ এলায়ে?
ওগো, নদীকূলে তীরতৃণতলে
            কে ব'সে অমল বসনে,শ্যামল
                      বসনে?
সুদূর গগনে কাহারে সে চায়?
ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায়?
নবমালতীর কচি দলগুলি
            আনমনে কাটে দশনে।
                        ওগো, নদীকূলে তীরতৃণতলে
                                কে ব'সে শ্যামল বসনে?
ওগো, নির্জনে বকুল শাখায়
        দোলায় কে আজি দুলিছে,দোদুল
                    দুলিছে?
ঝরকে ঝরকে ঝরিছে বকুল,
আঁচল আকাশে হতেছে আকুল,
উড়িয়া অলক ঢাকিছে পলক--
            কবরী খসিয়া খুলিছে।
                        ওগো, নির্জনে বকুলশাখায়
                        দোলায় কে আজি দুলিছে?
বিকচকেতকী তটভূমি-'পরে
            কে বেঁধেছে তার তরণী,তরুণ
                    তরণী?
রাশি রাশি তুলি শৈবালদল
ভরিয়া লয়েছে লোল অঞ্চল,
বাদলরাগিণী সজলনয়নে
            গাহিছে পরানহরণী।
                        বিকচকেতকী তটভূমি-'পরে
                                বেঁধেছে তরুণ তরণী।
হৃদয় আমার নাচে রে আজিকে
            ময়ূরের মতো নাচে রে,হৃদয়
                      নাচে রে।
ঝরে ঘনধারা নবপল্লবে,
কাঁপিছে কানন ঝিল্লির রবে,
তীর ছাপি নদী কলকল্লোলে
            এল পল্লীর কাছে রে।
                  হৃদয় আমার নাচে রে আজিকে
                         ময়ূরের মতো নাচে রে।
আরো দেখুন
82
Verses
চাঁদেরে করিতে বন্দী
      মেঘ করে অভিসন্ধি,
           চাঁদ বাজাইল মায়াশঙ্খ।
মন্ত্রে কালি হল গত,
      জ্যোৎস্নার ফেনার মতো
           মেঘ ভেসে চলে অকলঙ্ক।
আরো দেখুন