অসম্ভব (osombhob)

পূর্ণ হয়েছে বিচ্ছেদ, যবে ভাবিনু মনে,

একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে।

শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে,

খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে,

দূর হতে শুনি বারুণী নদীর তরল রব--

মন শুধু বলে, অসম্ভব এ অসম্ভব।

এমনি রাত্রে কতবার, মোর বাহুতে মাথা,

শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি-গাথা।

রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত,

দেহে আর মনে এক হয়ে গেছে যে-বাঞ্ছিত

এল সেই রাতিবহি শ্রাবণের সে-বৈভব--

মন শুধু বলে, অসম্ভব এ অসম্ভব।

দূরে চলে যাই নিবিড় রাতের অন্ধকারে,

আকাশের সুর বাজিছে শিরায় বৃষ্টিধারে।

যূথীবন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ,

বেণীবাঁধনের মালায় পেতেম যে-সংবাদ

এই তো জেগেছে নবমালতীর সে সৌরভ--

মন শুধু বলে, অসম্ভব এ অসম্ভব।

ভাবনার ভুলে কোথা চলে যাই অন্যমনে

পথসংকেত কত জানায়েছে যে-বাতায়নে।

শুনিতে পেলেম সেতারে বাজিছে সুরের দান

অশ্রুজলের আভাসে জড়িত আমারি গান।

কবিরে ত্যজিয়া রেখেছে কবির এ গৌরব--

মন শুধু বলে, অসম্ভব এ অসম্ভব।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মানসিক অভিসার
Verses
     মনে হয় সেও যেন রয়েছে বসিয়া
     চাহি বাতায়ন হতে নয়ন উদাস--
     কপোলে, কানের কাছে, যায় নিশ্বসিয়া
     কে জানে কাহার কথা বিষণ্ণ বাতাস।
     ত্যজি তার তনুখানি কোমল হৃদয়
     বাহির হয়েছে যেন দীর্ঘ অভিসারে,
     সম্মুখে অপার ধরা কঠিন নিদয়--
     একাকিনী দাঁড়ায়েছে তাহারি মাঝারে।
    
     হয়তো বা এখনি সে এসেছে হেথায়
     মৃদুপদে পশিতেছে এই বাতায়নে,
     মানস-মুরতিখানি আকুল আমায়
     বাঁধিতেছে দেহহীন স্বপ্ন-আলিঙ্গনে।
     তারি ভালোবাসা, তারি বাহু সুকোমল,
     উৎকণ্ঠ চকোর-সম বিরহ-তিয়াষ,
     বহিয়া আনিছে এই পুষ্প-পরিমল--
     কাঁদায়ে তুলিছে এই বসন্ত-বাতাস।
আরো দেখুন
43
Verses
কত-না তুষারপুঞ্জ আছে সুপ্ত হয়ে
অগ্রভেদী হিমাদ্রির সুদূর আলয়ে
পাষাণপ্রাচীর-মাঝে। হে সিন্ধু মহান,
তুমি তো তাদের কারে কর না আহ্বান
আপন অতল হতে। আপনার মাঝে
আছে তারা অবরুদ্ধ, কানে নাহি বাজে
বিশ্বের সংগীত।
প্রভাতের রৌদ্রকরে
যে তুষার বয়ে যায়, নদী হয়ে ঝরে,
বন্ধ টুটি ছুটি চলে,হে সিন্ধু মহান,
সেও তো শোনে নি কভু তোমার আহ্বান।
সে সুদূর গঙ্গোত্রীর শিখরচূড়ায়
তোমার গম্ভীর গান কে শুনিতে পায়!
আপন স্রোতের বেগে কী গভীর টানে
তোমারে সে খুঁজে পায় সেই তাহা জানে।
আরো দেখুন
গ্রহণে ও দানে
Verses
কৃতাঞ্জলি কর কহে, আমার বিনয়,
হে নিন্দুক, কেবল নেবার বেলা নয়।
নিই যবে নিই বটে অঞ্জলি জুড়িয়া,
দিই যবে সেও দিই অঞ্জলি পুরিয়া।
আরো দেখুন