মিলন (milan)

শ্রীমতী ইন্দিরা মৈত্রের বিবাহ-উপলক্ষে

      সেদিন উষার নববীণাঝংকারে

           মেঘে মেঘে ঝরে সোনার সুরের কণা।

      ধেয়ে চলেছিলে কৈশোরপরপারে

           পাখিদুটি উন্মনা।

      দখিন বাতাসে উধাও ওড়ার বেগে

      অজানার মায়া রক্তে উঠিল জেগে

           স্বপ্নের-ছায়া-ঢাকা।

      সুরভবনের মিলনমন্ত্র লেগে

           কবে দুজনের পাখায় ঠেকিল পাখা।

      কেটেছিল দিন আকাশে হৃদয় পাতি

           মেঘের রঙেতে রাঙায়ে দোঁহার ডানা।

      আছিলে দুজনে অপারে ওড়ার সাথী,

           কোথাও ছিল না মানা।

      দূর হতে এই ধরণীর ছবিখানি

      দোঁহার নয়নে অমৃত দিয়েছে আনি --

           পুষ্পিত শ্যামলতা।

      চারিদিক হতে বিরাটের মহাবাণী

           শুনাল দোঁহারে ভাষার অতীত কথা।

      মেঘলোকে সেই নীরব সম্মিলনী

                 বেদনা আনিল কী অনির্বচনীয়।

      দোঁহার চিত্তে উচ্ছ্বসি উঠে ধ্বনি --

                 "প্রিয়, ওগো মোর প্রিয়।'

      পাখার মিলন অসীমে দিয়েছে পাড়ি,

      সুরের মিলনে সীমারূপ এল তারি,

                 এলে নামি ধরা-পানে।

      কুলায়ে বসিলে অকূল শূন্য ছাড়ি,

                 পরানে পরানে গান মিলাইলে গানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

১৭
Verses
১৭
          দূর এসেছিল কাছে--
ফুরাইলে দিন, দূরে চলে গিয়ে আরো সে নিকটে আছে।  
আরো দেখুন
দুর্দিনে
Verses
দুর্যোগ আসি টানে যবে ফাঁসি
       কর্মে জড়ায় গ্রন্থি,
মন্থর দিন পাথেয়বিহীন
       দীর্ঘ পথের পন্থী;
নির্দয়তম নিন্দার হাস,
         নির্মমতম দৈব,
শূন্যে শূন্যে হতাশ বাতাস
         ফুকারে "নৈব নৈব'--
হঠাৎ তখন কহে মোরে মন,
         "মিথ্যে, এ-সব মিথ্যে,
প্রাণে যদি রয় গান অক্ষয়
         সুর যদি রয় চিত্তে।'
চৌদিক করে যুদ্ধঘোষণ,
         দুর্গম হয় পন্থা,
চিন্তায় করে রক্ত শোষণ
         প্রখর-নখরদন্তা,
নিরানন্দের ঘিরি রহে ঘের,
         নাই জীবনের সঙ্গী,
দৈন্য কুরূপ করে বিদ্রূপ
         ব্যঙ্গের মুখভঙ্গি--
মন বলে, "নাই ভাবনা কিছুই
         মিথ্যে, এ-সব মিথ্যে,
অন্তর-মাঝে চিরধনী তুই
         অন্তবিহীন বিত্তে।'
ভাষাহীন দিন কুয়াশাবিলীন--
         মলিন উষার স্বর্ণ,
কল্পনা যত বাদুড়ের মতো
         রাতে ওড়ে কালো বর্ণ;
আবর্জনার অচলপুঞ্জে
         যাত্রার পথ রুদ্ধ,
রিক্তকুসুম শুষ্ক কুঞ্জে
         বৈশাখ রহে ক্রুদ্ধ--
মন মোরে কয়, "এ কিছুই নয়,
      মিথ্যে, এ সব মিথ্যে,
আপনায় ভুলে গাও প্রাণ খুলে,
      নাচো নিখিলের নৃত্যে।'
বন্ধদুয়ার বিশ্ব বিরাজে,
      নিবেছে ঘরের দীপ্তি,
চির-উপবাসী আপনার মাঝে
      আপনি না পাই তৃপ্তি,
পদে পদে রয় সংশয় ভয়,
      পদে পদে প্রেম ক্ষুণ্ন,
বৃথা আহ্বান, বৃথা অনুনয়,
      সখার আসন শূন্য--
মন বলি উঠে, "ডুবে যা গভীরে,
      মিথ্যে, এ সব মিথ্যে,
নিবিড় ধেয়ানে নিখিল লভি রে
      আপনারি একাকিত্বে।'
আরো দেখুন
107
Verses
সন্ধ্যা হল গো--
            ওমা,    সন্ধ্যা হল, বুকে ধরো।
অতল কালো স্নেহের মাঝে
            ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো।
ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো,
সব যে কোথায় হারিয়েছে গো,
ছড়ানো এই জীবন, তোমার
            আঁধারমাঝে হোক-না জড়ো।
আর আমারে বাইরে তোমার
            কোথাও যেন না যায় দেখা।
তোমার রাতে মিলাক আমার
            জীবন-সাঁজের রশ্মিরেখা।
      আমায় ঘিরি আমায় চুমি
কেবল তুমি, কেবল তুমি।
আমার ব'লে যা আছে মা,
            তোমার ক'রে সকল হরো।
আরো দেখুন