বিসর্জন (bisarjan)

দুইটি কোলের ছেলে গেছে পর-পর

বয়স না হতে হতে পুরা দু-বছর।

এবার ছেলেটি তার জন্মিল যখন

স্বামীরেও হারালো মল্লিকা। বন্ধুজন

বুঝাইল--পূর্বজন্মে ছিল বহু পাপ,

এ জনমে তাই হেন দারুণ সন্তাপ।

শোকানলদগ্ধ নারী একান্ত বিনয়ে

অজ্ঞাত জন্মের পাপ শিরে বহি লয়ে

প্রায়শ্চিত্তে দিল মন। মন্দিরে মন্দিরে

যেথা সেথা  গ্রামে গ্রামে পূজা দিয়ে ফিরে,

ব্রত ধ্যান উপবাসে আহ্নিকে তর্পণে

কাটে দিন, ধূপে দীপে নৈবেদ্যে চন্দনে

পূজাগৃহে; কেশে বাঁধি রাখিল মাদুলি

কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি;

শুনে রামায়ণ-কথা; সন্ন্যাসী সাধুরে

ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে।

বিশ্বমাঝে আপনারে রাখি সর্বনীচে

সবার প্রসন্নদৃষ্টি অভাগী মাগিছে

আপন সন্তান লাগি। সূর্য চন্দ্র হতে

পশুপক্ষী পতঙ্গ অবধি কোনোমতে

কেহ পাছে কোনো অপরাধ লয় মনে,

পাছে কেহ করে ক্ষোভ, অজানা কারণে

পাছে কারো লাগে ব্যথা--সকলের কাছে

আকুল-বেদনা-ভরে দীন হয়ে আছে।

 

যখন বছর দেড় বয়স শিশুর

যকৃতের ঘটিল বিকার; জ্বরাতুর

দেহখানি শীর্ণ হয়ে আসে। দেবালয়ে

মানিল মানত মাতা, পদামৃত লয়ে

করাইল পান, হরিসংকীর্তন-গানে

কাঁপিল প্রাঙ্গণ। ব্যাধি শান্তি নাহি মানে।

কাঁদিয়া শুধালো নারী, "ব্রাহ্মণ ঠাকুর,

এত দুঃখে তবু পাপ নাহি হল দূর?

দিনরাত্রি দেবতার মেনেছি দোহাই,

দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই?

তবু কি নেবেন তাঁরা আমার বাছারে?

এত ক্ষুধা দেবতার? এত ভারে ভারে

নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া গহনা,

সর্বস্ব খাওয়ানু, তবু ক্ষুধা মিটিল না?'

ব্রাহ্মণ কহিল, "বাছা, এ যে ঘোর কলি!

অনেক করেছ বটে তবু এও বলি,

আজকাল তেমন কি ভক্তি আছে কারো?

সত্যযুগে যা পারিত তা কি আজ পারো?

দানবীর কর্ণ-কাছে ধর্ম যবে এসে

পুত্রেরে চাহিল খেতে ব্রাহ্মণের বেশে,

নিজহস্তে সন্তানে কাটিল; তখনি সে

শিশুরে ফিরিয়া পেল চক্ষের নিমেষে।

শিবিরাজা শ্যেনরূপী ইন্দ্রের মুখেতে

আপন বুকের মাংস কাটি দিল খেতে,

পাইল অক্ষয় দেহ। নিষ্ঠা এরে বলে।

তেমন কি এ কালেতে আছে ভূম#ডলে?

মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি

মার কাছে--তাঁদের গ্রামের কাছাকাছি

ছিল এক বন্ধ্যা নারী, না পাইয়া পথ

প্রথম গর্ভের ছেলে করিল মানত

মা গঙ্গার কাছে; শেষে পুত্রজন্ম-পরে

অভাগী বিধবা হল, গেল সে সাগরে,

কহিল সে নিষ্ঠাভরে মা গঙ্গারে ডেকে,

মা, তোমারি কোলে আমি দিলাম ছেলেকে--

এ মোর প্রথম পুত্র, শেষ পুত্র এই,

এ জন্মের তরে আর পুত্র-আশা নেই।

যেমনি জলেতে ফেলা, মাতা ভাগীরথী

মকরবাহিনী-রূপে হয়ে মূর্তিমতী

শিশু লয়ে আপনার পদ্মকরতলে

মার কোলে সমর্পিল। নিষ্ঠা এরে বলে।'

মল্লিকা ফিরিয়া এল নতশির করে,

আপনারে ধিক্কারিল--এতদিন ধরে

বৃথা ব্রত করিলাম, বৃথা দেবার্চনা,

নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না।

 

ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন

জ্বরাবেশে। অঙ্গ যেন অগ্নির মতন।

ঔষধ গিলাতে যায় যত বারবার

পড়ে যায়, কণ্ঠ দিয়া নামিল না আর।

দন্তে দন্তে গেল আঁটি। বৈদ্য শির নাড়ি

ধীরে ধীরে চলি গেল রোগীগৃহ ছাড়ি।

সন্ধ্যার আঁধারে শূন্য বিধবার ঘরে

একটি মলিন দীপ, শয়নশিয়রে

একা শোকাতুরা নারী। শিশু একবার

জ্যোতিহীন আঁখি মেলি যেন চারি ধার

খুঁজিল কাহারে। নারী কাঁদিল কাতর,

"ও মানিক, ওরে সোনা, এই-যে মা তোর,

এই-যে মায়ের কোল, ভয় কী রে বাপ!'

বক্ষে তারে চাপি ধরি তার জ্বরতাপ

চাহিল কাড়িয়া নিতে অঙ্গে আপনার

প্রাণপণে। সহসা বাতাসে গৃহদ্বার

খুলে গেল, ক্ষীণ দীপ নিবিল তখনি--

সহসা বাহির হতে কলকলধ্বনি

পশিল গৃহের মাঝে। চমকিল নারী।

দাঁড়ায়ে উঠিল বেগে শয্যাতল ছাড়ি,

কহিল, "মায়ের ডাক ওই শুনা যায়--

ও মোর দুঃখীর ধন, পেয়েছি উপায়,

তোর মার কোল চেয়ে সুশীতল কোল

আছে ওরে বাছা!'

 

                   জাগিয়াছে কলরোল

অদূরে জাহ্নবীজলে, এসেছে জোয়ার

পূর্ণিমায়। শিশুর তাপিত দেহভার

বক্ষে লয়ে মাতা, গেল শূন্যঘাট-পানে।

কহিল, "মা, মার ব্যথা যদি বাজে প্রাণে

তবে এ শিশুর তাপ দে গো মা জুড়ায়ে।

একমাত্র ধন মোর দিনু তোর পায়ে

এক-মনে।' এত বলি সমর্পিল জলে

অচেতন শিশুটিরে লয়ে করতলে

চক্ষু মুদি। বহুক্ষণ আঁখি মেলিল না;

ধ্যানে নিরখিল বসি মকরবাহনা

জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে

কোলে ক'রে এসেছেন, রাখি তার শিরে

একটি পদ্মের দল; হাসিমুখে ছেলে

অনিন্দিত কান্তি ধরি দেবী-কোল ফেলে

মার কোলে আসিবারে বাড়ায়েছে কর।

কহে দেবী, "রে দুঃখিনী, এই তুই ধর্‌

তোর ধন তোরে দিনু।' রোমাঞ্চিতকায়

নয়ন মেলিয়া কহে, "কই মা!॥।কোথায়!'

পরিপূর্ণ চন্দ্রালোকে বিহ্বলা রজনী;

গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি।

চীৎকারী উঠিল নারী, "দিবি নে ফিরায়ে?'

মর্মরিল বনভূমি দক্ষিণের বায়ে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিশ
Verses
সেদিন আমাদের ছিল খোলা সভা
আকাশের নিচে
রাঙামাটির পথের ধারে।
ঘাসের 'পরে বসেছে সবাই।
দক্ষিণের দিকে শালের গাছ সারি সারি,
দীর্ঘ, ঋজু, পুরাতন,--
স্তব্ধ দাঁড়িয়ে,
শুক্লনবমীর মায়াকে উপেক্ষা ক'রে;--
দূরে কোকিলের ক্লান্ত কাকলিতে বনস্পতি উদাসীন।
ও যেন শিবের তপোবন-দ্বারের নন্দী,
দৃঢ় নির্মম ওর ইঙ্গিত।
সভার লোকেরা বললে,--
"একটা কিছু শোনাও, কবি,
রাত গভীর হয়ে এল।"
খুললেম পুঁথিখানা,
যত পড়ে দেখি
সংকোচ লাগে মনে।
এরা এত কোমল, এত স্পর্শকাতর,
এত যত্নের ধন।
এদের কণ্ঠস্বর এত মৃদু,
এত কুণ্ঠিত।
এরা সব অন্তঃপুরিকা,
রাঙা অবগুণ্ঠন মুখের 'পরে।
তার উপরে ফুলকাটা পাড়,
সোনার সুতোয়।
রাজহংসের গতি ওদের,
মাটিতে চলতে বাধা।
প্রাচীন কাব্যে এদের বলেছে ভীরু,
বলেছে, বরবর্ণিনী।
বন্দিনী ওরা বহু সম্মানে।
ওদের নূপুর ঝংকৃত হয় প্রাচীরঘেরা ঘরে,
অনেক দামের আস্তরণে।
বাধা পায় তার নৈপুণ্যের বন্ধনে।
এই পথের ধারের সভায়,
আসতে পারে তারাই
সংসারের বাঁধন যাদের খসেছে,
খুলে ফেলেছে হাতের কাঁকন
মুছে ফেলেছে সিঁদুর;
যারা ফিরবে না ঘরের মায়ায়,
যারা তীর্থযাত্রী;
যাদের অসংকোচ অক্লান্ত গতি,
ধূলিধূসর গায়ের বসন;
যারা পথ খুঁজে পায় আকাশের তারা দেখে;
কোনো দায় নেই যাদের
কারো মন জুগিয়ে চলবার;
কত রৌদ্রতপ্ত দিনে
কত অন্ধকার অর্ধরাত্রে
যাদের কণ্ঠ প্রতিধ্বনি জাগিয়েছে
অজানা শৈলগুহায়,--
জনহীন মাঠে, পথহীন অরণ্যে।
কোথা থেকে আনব তাদের
নিন্দা প্রশংসার ফাঁদে টেনে।
উঠে দাঁড়ালেম আসন ছেড়ে।
ওরা বললে, "কোথা যাও কবি?"
আমি বললেম,--
"যাব দুর্গমে, কঠোর নির্মমে,
নিয়ে আসব কঠিনচিত্ত উদাসীনের গান।"
আরো দেখুন
80
Verses
তুমি যে            চেয়ে আছ            আকাশ ভ'রে
নিশিদিন            অনিমেষে             দেখছ মোরে।
আমি চোখ        এই আলোকে         মেলব যবে
তোমার ওই       চেয়ে-দেখা             সফল হবে,
    এ আকাশ      দিন গুনিছে           তারি তরে।
ফাগুনের           কুসুম-ফোটা          হবে ফাঁকি,
আমার এই        একটি কুঁড়ি            রইলে বাকি।
সেদিনে             ধন্য হবে               তারার মালা,
তোমার এই       লোকে লোকে         প্রদীপ জ্বালা;
     আমার এই    আঁধারটুকু            ঘুচলে পরে।
আরো দেখুন
চাতক
Verses
শ্রীযুক্ত বিধুশেখর শাস্ত্রী মহাশয়ের নিমন্ত্রণে শান্তিনিকেতন চা-চক্রে আহূত
                 অতিথিগণের প্রতি
কী রসসুধা-বরষাদানে মাতিল সুধাকর
         তিব্বতীর শাস্ত্র গিরিশিরে!
তিয়াষিদল সহসা এত সাহসে করি ভর
         কী আশা নিয়ে বিধুরে আজি ঘিরে!
পাণিনিরসপানের বেলা দিয়েছে এরা ফাঁকি,
         অমরকোষ-ভ্রমর এরা নহে।
নহে তো কেহ-সারস্বত-রস-সারসপাখি,
         গৌড়পাদ-পাদপে নাহি রহে।
অনুস্বরে ধনুঃশর-টংকারের সাড়া
         শঙ্কা করি দূরে দূরেই ফেরে।
শঙ্কর-আতঙ্কে এরা পালায় বাসাছাড়া,
         পালি ভাষায় শাসায় ভীরুদেরে।
চা-রস ঘন শ্রাবণধারাপ্লাবন লোভাতুর
         কলাসদনে চাতক ছিল এরা--
সহসা আজি কৌমুদীতে পেয়েছে এ কী সুর,
         চকোর-বেশে বিধুরে কেন ঘেরা!
আরো দেখুন