দুঃসময় (dusamay)

বিলম্বে এসেছ, রুদ্ধ এবে দ্বার,

জনশূন্য পথ, রাত্রি অন্ধকার,

গৃহহারা বায়ু করি হাহাকার

  ফিরিয়া মরে।

 

তোমারে আজিকে ভুলিয়াছে সবে,

শুধাইলে কেহ কথা নাহি কবে,

এহেন নিশীথে আসিয়াছ তবে

  কী মনে করে।

 

এ দুয়ারে মিছে হানিতেছ কর,

ঝটিকার মাঝে ডুবে যায় স্বর,

ক্ষীণ আশাখানি ত্রাসে থরথর্‌

  কাঁপিছে বুকে।

 

যেথা একদিন ছিল তোর গেহ

ভিখারির মতো আসে সেথা কেহ?

কার লাগি জাগে উপবাসী স্নেহ

  ব্যাকুল মুখে।

 

ঘুমায়েছে যারা তাহারা ঘুমাক,

দুয়ারে দাঁড়ায়ে কেন দাও ডাক,

তোমারে হেরিলে হইবে অবাক

  সহসা রাতে।

 

যাহারা জাগিছে নবীন উৎসবে

রুদ্ধ করি দ্বার মত্ত কলরবে,

কী তোমার যোগ আজি এই ভবে

  তাদের সাথে।

 

দ্বারছিদ্র দিয়ে কী দেখিছ আলো,

বাহির হইতে ফিরে যাওয়া ভালো,

তিমির ক্রমশ হতেছে ঘোরালো

  নিবিড় মেঘে।

 

বিলম্বে এসেছ-- রুদ্ধ এবে দ্বার,

তোমার লাগিয়া খুলিবে না আর,

গৃহহারা ঝড় করি হাহাকার

  বহিছে বেগে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ফুল ফোটানো
Verses
তোরা কেউ পারবি নে গো,
          পারবি নে ফুল ফোটাতে।
যতই বলিস, যতই করিস,
যতই তারে তুলে ধরিস,
ব্যগ্র হয়ে রজনীদিন
          আঘাত করিস বোঁটাতে--
তোরা কেউ পারবি নে গো,
          পারবি নে ফুল ফোটাতে।
দৃষ্টি দিয়ে বারে বারে
ম্লান করতে পারিস তারে,
ছিঁড়তে পারিস দলগুলি তার,
          ধুলায় পারিস লোটাতে--
তোদের বিষম গণ্ডগোলে
যদিই-বা সে মুখটি খোলে,
ধরবে না রঙ, পারবে না তার
          গন্ধটুকু ছোটাতে।
তোরা কেউ পারবি নে গো,
          পারবি নে ফুল ফোটাতে।
যে পারে সে আপনি পারে,
          পারে সে ফুল ফোটাতে।
সে শুধু চায় নয়ন মেলে
দুটি চোখের কিরণ ফেলে,
অমনি যেন পূর্ণপ্রাণের
          মন্ত্র লাগে বোঁটাতে।
যে পারে সে আপনি পারে,
          পারে সে ফুল ফোটাতে।
নিশ্বাসে তার নিমেষেতে
ফুল যেন চায় উড়ে যেতে,
পাতার পাখা মেলে দিয়ে
          হাওয়ায় থাকে লোটাতে।
রঙ যে ফুটে ওঠে কত
প্রাণের ব্যাকুলতার মতো,
যেন কারে আনতে ডেকে
          গন্ধ থাকে ছোটাতে।
যে পারে সে আপনি পারে,
          পারে সে ফুল ফোটাতে।
আরো দেখুন
85
Verses
দুর্দিন ঘনায়ে এল ঘন অন্ধকারে
হে প্রাণেশ। দিগ্‌বিদিক বৃষ্টিবারিধারে
ভেসে যায়, কুটিল কটাক্ষে হেসে যায়
নিষ্ঠুর বিদ্যুৎ-শিখা, উতরোল বায়
তুলিল উতলা করি অরণ্য কানন।
আজি তুমি ডাকো অভিসারে, হে মোহন,
হে জীবনস্বামী। অশ্রুসিক্ত বিশ্ব-মাঝে
কোনো দুঃখে, কোনো ভয়ে, কোনো বৃথা কাজে
রহিব না রুদ্ধ হয়ে। এ দীপ আমার
পিচ্ছিল তিমিরপথে যেন বারম্বার
নিবে নাহি যায়, যেন আর্দ্র সমীরণে
তোমার আহ্বান বাজে। দুঃখের বেষ্টনে
দুর্দিন রচিল আজি নিবিড় নির্জন,
হোক আজি তোমা-সাথে একান্ত মিলন।
আরো দেখুন
71
Verses
আমায়           ভুলতে দিতে নাইকো তোমার ভয়।
আমার           ভোলার আছে অন্ত, তোমার
                                       প্রেমের তো নাই ক্ষয়।
     দূরে গিয়ে বাড়াই যে ঘুর,
     সে দূর শুধু আমারি দূর--
                 তোমার কাছে দূর কভু দূর নয়।
আমার           প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে,
তোমার          বসন্তবায় নাই কি গো তাই ব'লে?
    এই খেলাতে আমার সনে
    হার মানো যে ক্ষণে ক্ষণে,
                   হারের মাঝে আছে তোমার জয়।
আরো দেখুন