১ (giyachhe se din je din)

গিয়াছে সে দিন যে দিন হৃদয়           রূপেরই মোহনে আছিল মাতি,

প্রাণের স্বপন আছিল যখন--          'প্রেম' 'প্রেম' শুধু দিবস-রাতি।

শান্তিময়ী আশা ফুটেছে এখন           হৃদয়-আকাশপটে,

জীবন আমার কোমল বিভায়           বিমল হয়েছে বটে,

বালককালের প্রেমের স্বপন           মধুর যেমন উজল যেমন

                   তেমন কিছুই আসিবে না --

                   তেমন কিছুই আসিবে না॥

    

সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে  প্রথম প্রণয়  আঁকিল যাহা,

স্মৃতিমরু মোর শ্যামল করিয়া   এখনো হৃদয়ে বিরাজে তাহা।

সে প্রতিমা সেই পরিমলসম       পলকে যা লয় পায়,

প্রভাতকালের স্বপন যেমন       পলকে মিশায়ে যায়

অলসপ্রবাহ জীবনে আমার        সে কিরণ কভু ভাসিবে না আর --

                   সে কিরণ কভু ভাসিবে না --

                   সে কিরণ কভু ভাসিবে না॥

রাগ: ভৈরবী-বিলাতি ভাঙা

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি স্বপনে রয়েছি
Songs
আমি    স্বপনে রয়েছি ভোর,    সখী,    আমারে জাগায়ো না।
          আমার সাধের পাখি      যারে    নয়নে নয়নে রাখি
তারি    স্বপনে রয়েছি ভোর,    আমার স্বপন ভাঙায়ো না।
কাল    ফুটিবে রবির হাসি,      কাল ছুটিবে তিমিররাশি--
কাল    আসিবে আমার পাখি, ধীরে      বসিবে আমার পাশ।
ধীরে    গাহিবে সুখের গান,      ধীরে    ডাকিবে আমার নাম।
ধীরে    বয়ান তুলিয়া নয়ান খুলিয়া       হাসিব সুখের হাস।
          আমার কপোল ভ'রে    শিশির পড়িবে ঝ'রে--
          নয়নেতে জল, অধরেতে হাসি, মরমে রহিব ম'রে!
          তাহারি স্বপনে আজি              মজিয়া রয়েছি আঁখি--
          কখন আসিবে প্রাতে               আমার সাধের পাখি
          কখন জাগাবে মোরে               আমার নামটি ডাকি॥
আরো দেখুন
একি আকুলতা ভুবনে
Songs
একি   আকুলতা ভুবনে!   একি   চঞ্চলতা পবনে॥
একি   মধুরমদির রসরাশি   আজি   শূন্যতলে চলে ভাসি,
   ঝরে   চন্দ্রকরে একি হাসি,   ফুল-   গন্ধ লুটে গগনে॥
একি   প্রাণভরা অনুরাগে   আজি   বিশ্বজগতজন জাগে,
আজি   নিখিল নীলগগনে   সুখ-   পরশ কোথা হতে লাগে।
সুখে   শিহরে সকল বনরাজি,   উঠে   মোহনবাঁশরি বাজি,
          হেরো   পূর্ণবিকশিত আজি   মম   অন্তর সুন্দর স্বপনে॥
আরো দেখুন
সখী, সাধ করে যাহা দেবে
Songs
সখী, সাধ করে যাহা দেবে তাই লইব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
দাও যদি ফুল, শিরে তুলে রাখিব
দেয় যদি কাঁটা।
তাও সহিব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
যদি এক বার চাও সখী মধুর নয়ানে,
ওই আঁখি-সুধাপানে,
চিরজীবন মাতি রহিব।
যদি কঠিন কটাক্ষ মিলে।
তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
আরো দেখুন